ভোলা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভোলা- ৪ আসনে বিএনপির সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমের বিরুদ্ধে চরফ্যাশন থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
মামলার আসামি অন্য চার বিএনপি কর্মীর জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোরও নির্দেশ দিয়েছেন ভোলার জেলা ও দায়রা জজ মো. ইদ্রিস মিয়া।
পিপি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খবরের নিশ্চিত করেছেন।
মামলাটির বাদী জাকির হোসের অভিযোগ করেন, ২০০১ এর নির্বাচনের পর নাজিম উদ্দিন আলমের নির্দেশে বিএনপি কর্মীরা তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাসান মিন্টুর বাড়িতে হামলা, বোমাবাজি ও অগ্নিসংযোগ করে।
২০০৭ সালের ১ মার্চ দায়ের করা মামলাটির দুটি অংশের মধ্যে বিস্ফোরক মামলায় নাজিমউদ্দিন আলমসহ পাঁচজনকে আসমি করা হয়। অপর অংশে হামলা ও চাঁদাবাজির মামলায় আসামি করা হয়েছে ৩১ জনকে।
রোববার বিস্ফোরক মামলায় নাজিমউদ্দিন আলম ছাড়া অন্য চারজন জেলা ও দায়রা জজ আদালতে জামিন চাইলে বিচারক আবেদন মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
একইসঙ্গে নাজিম উদ্দিন আলম আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২৩৪ ঘ.
bdnews24