২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার অবনতি, পদ্মায় তীব্র ভাঙন

দেশের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এদিকে পদ্মায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরের কয়েকশ ঘরবাড়ি ও দোকানপাট পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে। বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোও রয়েছে হুমকির মুখে। বানভাসি মানুষ সহায়-সম্বল হারিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছে। সড়ক তলিয়ে এবং সেতু ধসে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। উপদ্রুত এলাকায় বেসামরিক প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। (আরও তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 07:27 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এদিকে পদ্মায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরের কয়েকশ ঘরবাড়ি ও দোকানপাট পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে। বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোও রয়েছে হুমকির মুখে। বানভাসি মানুষ সহায়-সম্বল হারিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছে। সড়ক তলিয়ে এবং সেতু ধসে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। উপদ্রুত এলাকায় বেসামরিক প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব ধীরাজ মালাকার রোববার সাংবাদিকদের জানান, দেশের ২১ জেলার ৬৭টি উপজেলার ৬৭ হাজার ২০১টি পরিবার বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত। বন্যা কবলিতদের সহায়তায় সরকার ইতোমধ্যে দুই কোটি ৫০ লাখ টাকা সাধারণ ত্রাণ (জিআর), এক কোটি টাকার গৃহনির্মাণ মঞ্জুরি এবং ১০ হাজার টন চাল বরাদ্দ করেছে বলে জানান তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি মনিটরিং সেল খোলারও সিদ্ধান্ত হয়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে রোববার বলা হয়, দেশের ১১টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। কুড়িগ্রামে ধরলা নদীর পানি আরো বেড়ে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি ডালিয়া পয়েন্টে ৪ সেন্টি মিটার বেড়ে বিপদসীমার ২৯ সেন্টি মিটার ওপর দিয়ে বইছে। ব্রহ্মপুত্র ও যমুনায় পানি প্রবাহ বেড়েছে। সিরাজগঞ্জ ও আরিচায় তা বিপদসীমার ৮০ ও ৬৫ সেন্টি মিটার ওপর দিয়ে বইছে। ধলেশ্বরী নদীর রেকাবি বাজার পয়েন্টে বিপদসীমার ১৫ সেমি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পদ্মায় পানি আরো বেড়ে গোয়ালন্দে বিপদসীমার ৮৭ সেন্টি মিটার ও ভাগ্যকূলে ৩৩ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরো বাড়ায় বৃহত্তর সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১২৮ সেন্টি মিটার, সিলেটে ৩৫ সেন্টি মিটার, সুনামগঞ্জে ৬৯ সেন্টি মিটার ওপর দিয়ে বইছে। তবে নেত্রকোনায় সোমেশ্বরী, কুমিল্লায় গোমতি নদীর পানি কমেছে। সোমেশ্বরী এখন বিপদসীমার ১৮৩ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকার নদীগুলোতেও পানি কমেছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি রবিউল হাসান ডলার জানান, উজান থেকে প্রবল বেগে পানি ধেয়ে আসায় পদ্মায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। শিবগঞ্জ উপজেলায় ভাঙন কবলিত বাবুপুর, উজিরপুর ও ডাকাতপাড়াসহ আশেপাশের আরো ২০টি গ্রামের মানুষ ঘরবাড়ি ও গাছপালা কেটে সরিয়ে নিচ্ছে। ভাঙন রোধে পদ্মা নদীর বাম তীরে ৮ কোটি টাকা ব্যয়ে জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ চললেও বিরূপ অবস্থায় তা কতটুকু কাজে দেবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন এলাকবাসী। ভাঙন কবলিত এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, বাড়িঘর দোকান পাট দ্রুত সরিয়ে নেওয়ার কাজ চলছে। নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সবাই নেমে পড়ছে এ কাজে। উজিরপুর গ্রামের আশরাফ, হোসেন, ডাকাতপাড়া গ্রামের রাশেদ, ওসমান আলী ব্যস্ত বাড়ি সরানো নিয়ে। এ ব্যস্ততার মধ্যেও তারা বললেন, "কোথায় যাব, কোথায় আশ্রয় নেব, কিছুই ঠিক নেই।" ডাকাতপাড়া গ্রামের দাসামান জানান, এ নিয়ে বাড়ি ভাঙলেন পাঁচ বার। তেরওয়াইন পাড়া ও জোয়ারদার পাড়ায় ইতিমধ্যে ৫০টি পরিবার তাদের বাড়ি সরিয়ে নিয়েছেন। নদী ভেঙে জোয়ারদার পাড়া গ্রাম বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ডাকাতপাড়া গ্রামের আব্দুল আলিম জানান, ইতোমধ্যে ওই গ্রামের ৬০টি পরিবার অন্যত্র বাড়ি সরিয়ে নিয়েছে। আগামী ২/৪ দিনের মধ্যে কমপক্ষে দেড়শটি বাড়ি সরিয়ে নিতে হবে। একই অবস্থা উজিরপুরের মধ্যপাড়া, পাঁকা ইউনিয়নের চালকি পাড়াসহ কয়েকটি গ্রামের। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভাঙন ঠেকাতে ৮ কোটি টাকা ব্যয়ে প্রায় পৌনে দুই কিলোমিটার জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ ও ১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হচ্ছে। গত ৫ জুলাই থেকে কাজ শুরু হয়। আগামী ১৮ আগস্টের মধ্যে তা শেষ হবে। বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রুহুল আমিন জানান, উজানে ৫, ৬, ৭ ও ৮ নম্বর প্যাকেজ গ্র"পে স্রোতের তীব্রতা খুব বেশি। এসব গ্র"পের বিভিন্ন স্থানে পদ্মা নদী প্রায় ২০ মিটার ভিতরে ঢুকে পড়েছে। জিও কার্পেট, জিও ব্যাগ ও পলিব্যাগে বালুভর্তি করে ফেলে তা রোধের চেষ্টা চলছে। স্থানীয় লোকজন জানায়, ভাঙন অব্যাহত থাকলে ১৪০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের কাজ ও ৮ কোটি টাকা ব্যয়ে প্রায় পৌনে ২ কিলোমিটার নদী তীর সংরক্ষণের জরুরী অস্থায়ী কাজ হুমকির মূখে পড়বে। স্থানীয়দের অভিযোগ অসময়ে কাজ শুরু অপচয়। কাজের কাজ কিছুই হবে না। বোর্ডের নির্বাহী প্রকৌশলী কে এম নাজমুল হক জানান, পদ্মার বাম তীর স্থায়ী সংরক্ষণের জন্য ১৪৩ দশমিক ৩৬ কোটি টাকার একটি প্রকল্প পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে তা পরিকল্পনা কমিশন ও একনেকে যাবে। তা অনুমোদন হয়ে বাজেট পাওয়া গেলে স্থায়ী সংরক্ষণের ব্যবস্থা করা সম্ভব হবে। শরীয়তপুর প্রতিনিধি রায়হান কবীর জানান, গত কয়েক দিনে পদ্মায় ভাঙন তীব্র হওয়ায় ভেদরগঞ্জ উপজেলায় কাঁচিকাটা ও চরভাগা ইউনিয়নের প্রায় এক হাজার একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছে ৫ শতাধিক পরিবার। পদ্মার ভাঙনে ইতিমধ্যে দুটি স্কুল, দুটি মাদ্রাসা, এটি মসজিদ, দুটি সেতু ও দুটি বাজার হারিয়ে গেছে। ভাঙন কবলিত এলাকার লোকজন দ্রুত বাড়িঘর সরিয়ে নিচ্ছে। সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভেদরগঞ্জ উপজেলার তারাবুনিয়া থেকে জাজিরা উপজেলার নাওডোবা ও নড়িয়া উপজেলার সুরেশ্বর পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকাব্যাপী পদ্মার তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়। কিন্তু এখন ভাঙন তীব্র হয়েছে। নদী ভাঙনের শিকার পরিবারগুলো আশেপাশের গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে। ভাঙন কবলিত এলাকায় খাদ্যসামগ্রীসহ নিরাপদ খাবার পানি ও পয়ঃনিষ্কাশনের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। কাঁচিকাটা ইউনিয়নের চেয়ারম্যান এস এ হামিদ জানান, ভাঙনে তার ইউনিয়নের প্রায় ৭০০ একর জমি বিলীন হয়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছে ৩ শতাধিক পরিবার। এছাড়া দুলারচর নতুন বাজারের অর্থ শতাধিক দোকানঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়েছে ইউনিয়ন পরিষদ ভবনও। চরভাগা ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন বাবু জানান, তার ইউনিয়নে ভাঙনের শিকার হয়েছেন শতাধিক পরিবার ও দেড় শতাধিক ব্যবসায়ী। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান রোববার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, এ পর্যন্ত ৩৫০টি বাড়ি ও ১২৫টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে কিছু চাল ও সামান্য আর্থিক সাহায্য দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, "আরো চাল ও অর্থ বরাদ্দের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।" ফরিদপুর প্রতিনিধি নির্মলেন্দু চক্রবর্তী জানান, সদর উপজেলার আলিয়াবাদ, ডিক্রির চর ও নর্থ চ্যানেল ইউনিয়ন, চরভদ্রাসন উপজেলার সদর ও গাজীরটেক ইউনিয়নে পদ্মা নদী, সদরপুর উপজেলার ঢেউখালী ও চর মোনাইন ইউনিয়নে আড়িয়াল খাঁন এবং আলফাডাঙ্গা উপজেলায় টগরবন ইউনিয়নে মধুমতী নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সড়ক বিভাগ জানায়, পানি বৃদ্ধি পাওয়ায় জেলা শহরের সঙ্গে চরভদ্রাসন উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের মতিয়ারের কুম এলাকা থেকে নোয়াই মাতুব্বরের সেতু পর্যন্ত এক কিলোমিটার সড়ক তলিয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। রোববার জেলা প্রশাসনের উদ্যোগে ১০টি ট্রলারে বন্যা উপদ্রুত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এছাড়া আলিয়াবাদ ইউনিয়নের সাইন বোর্ড এলাকায় পদ্মানদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলার কাজ অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর একটি দল এ কাজ তদারকি করছে। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ্ইয়া ভূঁইয়া জানান, বন্যার ক্ষয়ক্ষতি এড়াতে ইতোমধ্যে জরুরিভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। নদী ভাঙন ঠেকানোর কাজও চলছে। আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন আহমেদ জানান, তার ইউনিয়নের বাঁশতলা ও সাইনবোর্ড এলাকায় ২০০ পরিবার বসতবাড়ি ও ৭৫টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ডিক্রির চর ইউনিয়নে পালডাঙ্গি, ভাঙ্গিডাঙ্গি, ব্যাপারীডাঙ্গি ও কাজেম মাতুব্বরের গ্রামের ৫ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে জানান ওই ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুজ্জামান মিলন। সদরপুর উপজেলার চরমোনাইন ইউনিয়নের চেয়ারম্যান আইউব আলী জানান, আড়িয়াল খাঁর ভাঙনে ৩৫ একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ঘর বাড়ি হারিয়েছে ১৫টি পরিবার। আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তার এলাকায় ২০০ একর জমি মধুমতী নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং পাঁচ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি আহসান হাবীব নীলু জানান, জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমারসহ ১৬টি নদী ফুঁসে ওঠায় নয়টি উপজেলার ৬০টি ইউনিয়নের প্রায় তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ১৯টি আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন স্কুল এবং বাঁধে ঠাঁই নিয়েছেন দুর্গত এলাকার লোকজন। বন্যায় প্রায় ১ হাজার ৩২৯ হেক্টর রোপা আমন বীজতলাসহ প্রায় ৬ হাজার ৬১৯ হেক্টর ফসলের ক্ষেত তলিয়ে গেছে বলে কৃষি অধিদপ্তর জানায়। টাপু ভেলাকোপা গ্রামে সাপের কামড়ে মীরা (১৪) নামে এক শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সদর উপজেলার বড়াইবাড়ী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এক কিলোমিটার এলাকা তিন ফুট পানিতে তলিয়ে গেছে। রৌমারীর শিবেরডাঙ্গী এলাকায় বাঁধের ৫০ মিটার এলাকা গেছে ধসে। নারায়নপুর, পাখীউড়া ও দেখাওয়া বিডিআর বিওপিতে পানি ঢুকেছে। রৌমারীর সাহেবের আলগা বিডিআর বিওপির অর্ধেক অংশ ভাঙনে বিলীন হওয়ায় এ ক্যাম্পটি সরিয়ে এনে অস্থায়ীভাবে আনন্দবাজার এলাকায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থাপন করা হয়েছে। চিলমারীর খেরুয়ার চরে পানির তোড়ে ভেসে গেছে ৫৬টি বাড়ী। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানীয় জলসহ তীব্র খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী পানিবন্দী মানুষদের উদ্ধার কাজসহ ত্রাণ তৎপরতা শুরু করেছে। জেলায় এ পর্যন্ত বন্যার্তদের জন্য ১৩৬ টন চাল এবং ২ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলে ত্রাণ ও পুনর্বাসন বিভাগ জানায়। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম খান জানান, যমুনায় পানি বাড়তে থাকায় পাঁচটি উপজেলার ৩৮টি ইউনিয়নের ৪৮৮টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন স্থানে এ পর্যন্ত ২৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেগুলোতে ঠাঁই নিয়েছে প্রায় ১০ হাজার লোক। সদর, কাজীপুর, শাহজাদপুর, চৌহালী ও বেলকুচী উপজেলায় প্রায় ৬০ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরাজগঞ্জ-কাজীপুর উপজেলা সংযোগ সড়কের প্রায় ১৬ কিলোমিটার রাস্তা তলিয়ে গেছে। জলা কৃষি স