যশোর, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরের শিল্প শহর নওয়াপাড়া থেকে দুটি বোমা ও 'আল কায়দা বাংলাদেশ' লেটারহেডের প্যাডে হাতে লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে নওয়াপাড়া হাসপাতাল রোডে সন্ত্রাসীদের বোমায় নিহত চিকিৎসক আকরাম আলী মোল্যার বাড়ির প্রধান ফটকের পাশ থেকে চিঠি ও বোমা দুটি উদ্ধারের পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
নিহত চিকিৎসকের স্ত্রী ডা. নাসরিন সুলতানা বিডিনিউজকে জানান, তার বাসার কাজের বুয়া মোমেনা বেগম (৬৫) সকাল ঘুম থেকে উঠে প্রধান ফটকের ডান পাশে লাল টেপ ও পলিথিনে মোড়ানো দুটি জিনিষ দেখতে পান।
নাসরিন সুলতানা একথা পুলিশকে জানালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন ঘটনা স্থলে যান এবং বোমা ও কথিত 'আল কায়দা বাংলাদেশের' চিঠি উদ্ধার করে থানায় নিয়ে যান।
পুলিশ বলেছে, আতংক সৃষ্টির করার জন্য এটি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
চিঠিতে কয়েকজন জঙ্গির নাম, আল কায়দা বাংলাদেশে যোগ দেওয়ার আহবান এবং ইসলামী আন্দোলনে নামার জন্য উদ্দীপনামূলক কথা লেখা রয়েছে বলে পুলিশের বরাতে জানা গেছে। চিঠিতে মোক্তার নামে একজনের স্বারও রয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন বিডিনিউজকে জানিয়েছেন, উদ্ধারকৃত চিঠিতে যাদের নাম রয়েছে তাদের বাড়ির ঠিকানা দেখানো হয়েছে পিরোজপুর জেলায়।
উদ্ধারকৃত বোমা সদৃশ জিনিষ দুটি পরীার জন্য বিশেষজ্ঞ ডাকা হয়েছে বলে পুলিশ সুপার ইকবাল বাহার জানিয়েছেন ।
ডা. নাসরিন সুলতানার স্বামী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকরাম আলী মোল্যাকে ২০০৬ সালে সন্ত্রাসীরা তার বাসার সামনেই বোমা মেরে হত্যা করেছিল।
এদিকে স্থানীয় সাংবাদিক কামরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলামকে গত বুধবার মোবাইল ফোনে কেউ পরিচয় গোপন রেখে বোমা মেরে হত্যার হুমকি দেয়।
এর দুদিন পরই বোমা ও কথিত আল কায়দার চিঠি উদ্ধারের ঘটনায় এলাকায় ভীতি ছড়িয়ে পড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এসকে ২০০৬ ঘ.
bdnews24