মাদারীপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কালকিনি উপজেলার ভুরঘাটা থেকে শুক্রবার রাতে ৩১০ অ্যাম্পুল হেপাটাইটিস বি ভ্যাকসিনসহ পিরোজপুর জেলার নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান মতিউর রহমান বাহাদুরকে আটক করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, মতিউর ওই ভ্যাকসিন পাচার করছিল। উদ্ধার করা ভ্যাকসিনের দাম ১ লাখ ৫৫ হাজার টাকা।
র্যাবের মেজর আনোয়ার উস সাদাত জানান, র্যাবের একটি দল ভুরঘাটা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহণের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ভ্যাকসিনসহ মতিউর রহমান বাহাদুরকে আটক করে। উদ্ধার করা ভ্যাকসিনের দাম প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে মতিউর রহমান র্যাবকে জানিয়েছেন, কোরিয়ার তৈরি ভ্যাকসিনগুলো নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি।
আনোয়ার উস সাদাত জানান, এ বিষয়ে তিনি নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. লিয়াকত আলী খান জানান, মতিউরের বিরুদ্ধে এ ধরনের আরও অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯৩৭ ঘ.
bdnews24