ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কমলাপুরে বিআরটিসি বাস ডিপোতে বৃহস্পতিবার রাতে রহস্যজনক অগ্নিকান্ডে একটি বাস পুড়ে গেছে।
তবে দমকল বাহিনীর কর্মকর্তারা দাবি করেছেন মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
দমকল বাহিনী সদর দপ্তরের কর্মকর্তা আঞ্জুম রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে রাত সাড়ে নয়টায় ঢাকা-নরসিংদী রুটের (নরসিংদী ব-০২-০০০১) একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত নয়টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কর্মচারিরা ভেতরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে থাকার সময় আগুনের সূত্রপাত হয় বলে দমকল কর্মকর্তা দাবি করেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।
মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক রুস্তম আলী রাত সাড়ে ১০ টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুনের খবর পেয়ে থানার ওসিসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। তারা ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয়।"
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক রাত পৌনে ১১ টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ঘটনাস্থলে রয়েছি। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কারণ জানা যায়নি।"
বাইরে থেকে কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা জানতে চাইলে রেজাউল হক বলেন, "এটাও হতে পারে। আমরা সম্ভাব্য সবকিছুই খতিয়ে দেখছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে ২৩২১ ঘ.
bdnews24