ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের নির্বাচনী 'রোড ম্যাপকে' স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ২০০৮ এর মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্র"তি রক্ষা করার জন্য সরকারের প্রচেষ্টারও প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি আগামী নির্বাচনে বাংলাদেশকে 'যে কোনো রকম' সহায়তা দেওয়ার নিশ্চয়তা দেন প্রেসিডেন্ট বুশ ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়।
বুধবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণের সময় হোয়াইট হাউসে এ মনোভাব প্রকাশ করেন প্রেসিডেন্ট বুশ।
বাংলাদেশকে একটি 'মধ্যপন্থী ও সহনশীল মুসলিম দেশ' উল্লেখ করে বুশ মন্তব্য করেন, বিভিন্ন নির্বাচনের সময় বাংলাদেশ গণতন্ত্রের প্রতি তাদের নিষ্ঠা প্রমাণ করেছে।
তত্ত্বাবধায়ক সরকারের চলমান পুনর্গঠন কার্যক্রমের প্রশংসা করেন তিনি।
রাষ্ট্রদূত হুমায়ুন কবির মার্কিন প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে ২১০২ ঘ.
bdnews24