চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কারাগারে আটক বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের আটকাদেশ আরও তিন মাস বাড়ানো হয়েছে।
চট্টগ্রাম কারাগারের জেল সুপার বজলুর রশীদ বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আটকাদেশের সময় বাড়িয়ে আদেশ জারি করা হয়। আদেশের অনুলিপি ইতোমধ্যে কারাগারেও এসে পৌঁছেছে।
বুধবার চট্টগ্রামের আনোয়ারা থেকে নির্বাচিত বিএনপির এ সাবেক সাংসদের এক মাস আটকাদেশের মেয়াদ শেষ হয়।
এদিকে, বুধবার আদালতে সরওয়ার জামাল নিজামের জামিনের আবেদন জানালে শুনানি শেষে বিচারক এ কে এম আনোয়ার হোসেন তা নাকচ করে দেন।
গত ২১ জুন মধ্যরাতে চিটাগাং ক্লাবের সামনে থেকে নিজামকে গ্রেপ্তার করা হয়। একই সময় র্যাব সদস্যরা তার গাড়ি তল্লাশি করে তিন বোতল বিদেশি মদ এবং পাঁচ বোতল হ্যানিকেন বিয়ার উদ্ধার করে।
পরদিন সরওয়ার জামাল নিজাম ও তার গাড়িচালক মামুনুর রশীদের বিরুদ্ধে মাদক দ্রব্য রাখার অভিযোগে র্যাব বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৪২৭ ঘ.
bdnews24