কক্সবাজার, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনারপাড়া এলাকায় পরিত্যক্ত একটি গভীর কূয়ায় পড়ে বুধবার বাবা ও ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, ঘোনারপাড়া এলাকার আনোয়ার হোসেনের পাঁচ বছরের ছেলে মোহাম্মদ হোসেন সমবয়সীদের সঙ্গে খেলার সময় বেলা দেড়টার দিকে বাড়ির পাশের দীর্ঘদিনের পরিত্যক্ত পাতকূয়ায় পড়ে যায়। ঘটনা জানতে পেরে কোমরে রশি বেঁধে তাকে উদ্ধার করতে নেমে পড়েন আনোয়ার হোসেন। কিন্তু রশি ছিড়ে বিষাক্ত গ্যাসভর্তি কূয়ায় পড়ে যান তিনি। এ সময় শ্যালক এরশাদ উল্লাহ উদ্ধার করতে নামলে তিনিও মারা যান।
পুলিশ ও দমকল বাহিনী বেলা ২টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল সাড়ে ৫টায় এরশাদ উল্লাহ ও সন্ধ্যা ৬টায় আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, বিষাক্ত গ্যাসের কারণে উদ্ধার কর্মীরা কূয়ার ১৫ মিটারের বেশি গভীরে যেতে পারছেন না।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিদারুল আলম জানান, দমকল কর্মীরা আনোয়ার হোসেন ও তার শ্যালক এরশাদ উল্লাহর লাশ উদ্ধার করেছে। শিশুটির লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৫৪ ঘ.
bdnews24