সাভার, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি জহিরুল ইসলামের বাড়ি থেকে মঙ্গলবার রাতে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে জহিরুলের ভাগ্নে শরিফুল হোসেনকে(২৫)।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, একটি চাইনিজ পিস্তল, একটি একনলা বন্দুক, একটি শটগান, একটি পাইপগান, শটগানের ১৬ রাউন্ড গুলি।
র্যাব জানায়, পাথালিয়া ইউনিয়নের ইসলাম নগর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাত সোয়া ১১টার দিকে র্যাব একই ইউনিয়নের কাশিপুর এলাকায় তার মামার বাড়িতে অভিযান চালিয়ে জহিরুলের কক্ষ থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
অভিযানে নেতৃত্বদানকারী র্যাব কর্মকর্তা মেজর মোকসেদুল বারী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার করা অস্ত্রগুলো জহিরুলের বলে শরিফুল জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
শরিফুল র্যাবকে আরও জানায়, তার মামা প্রায়ই তাকে অস্ত্র বিক্রি করতে দিতো।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছাত্রদল নেতা জহিরুলকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব।
গ্রেপ্তারকৃত শরিফুল কাশিপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে। আব্দুল জব্বার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীর দায়িত্বে কাজ করছেন।
জহিরুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে এখন ঢাকায় অবস্থান করছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24