২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ পৃথক করতে সরকারকে পাঁচ সপ্তাহ সময়

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারকে আরও পাঁচ সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে আদালত পৃথককরণ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি প্রতিস্থাপনের জন্য আদালতে দেওয়া তিন দফা নির্দেশনা বাস্তবায়ন করে এই সময়ের মধ্যে আপিল বিভাগকে জানাতে বলা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারের আট সপ্তাহ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 07:14 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারকে আরও পাঁচ সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে আদালত পৃথককরণ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি প্রতিস্থাপনের জন্য আদালতে দেওয়া তিন দফা নির্দেশনা বাস্তবায়ন করে এই সময়ের মধ্যে আপিল বিভাগকে জানাতে বলা হয়েছে। (বিস্তারিত) সোমবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারের আট সপ্তাহ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে গত ৭ মে আপিল বিভাগ সরকারের আইন, সংস্থাপন ,অর্থ ও গৃহায়ন মন্ত্রণালয়কে তিনি দফা নির্দেশ দিয়ে বলেছিল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি প্রতিস্থাপনের জন্য প্রতি জেলায় প্রয়োজনীয়সংখ্যক আদালত কক্ষ এবং সহায়ক কর্মকর্তা -কর্মচারীর পদ সৃষ্টি ও নিয়োগ দিতে হবে। বিচারকদের জন্য চেম্বারসহ আনুষঙ্গিক অবকাঠামো ও সুবিধা বরাদ্দ দিতে হবে। এছাড়া এজন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে আদালতকে জানাতে বলা হয়েছিল। সোমবার সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল আদালতের তিন দফা নির্দেশ বাস্তবায়নে সরকারের নেওয়া পদক্ষেপের পরিপত্র আপিল বিভাগে পেশ করেন। তিনি শুনানিতে বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিসহ আদালতের সহায়ক জনবলের পদ সৃষ্টি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী ১৩৮ এজলাস ও খাস কামরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ব্যবহারের জন্য উপযোগী রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে গঠিত ৮শ ৭৭টি আদালতের মধ্যে ৮৬টি মেট্রোপলিটন আদালত ছাড়া ৭শ ৯১ টি আদালত নতুনভাবে সৃষ্টির জন্য জেলাওয়ারী আদালত ভবনের নকশা ও সম্ভাব্য খরচের পরিমাণ ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার জন্য পূর্ত মন্ত্রণালয় গণপূর্ত বিভাগকে নির্দেশ দিয়েছে। সরকারের গৃহীত এসব পদক্ষেপ আদালতে বিস্তারিতভাবে তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, "বিচার বিভাগ পৃথকের প্রক্রিয়া সম্পন্ন করতে আর বেশি দিন সময় লাগবেনা।" ম্যাজিস্ট্রেসীর পদ, আদালতের অবকাঠামো ও জনবলসহ যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্নের জন্য প্রশাসনিক পূনর্বিন্যাস সংক্রান্ত বাস্তবায়ন কমিটি নিকার এর অনুমোদন গ্রহণ করতে হবে। এর আগে অর্থ মন্ত্রণালয় অর্থ বরাদ্দের অনুমোদন দেবে। তাছাড়া প্রধান উপদেষ্টার অনুমোদনও নিতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করতে ৮ সপ্তাহ সময় প্রয়োজন। সরকারের সময়ের আবেদনে অসস্তোষ প্রকাশ করে আদালত বলেন, "সরকার আজ সময় নিতে পারে। তবে আদালত চায়, এ জন্য যেন আর সময় না চাওয়া হয়। " উল্লেখ্য, এর আগে বিভিন্ন সরকার বিচার বিভাগ পৃথককরণের জন্য ২৭ বার সময় নিয়েছে। আদালতের আদেশ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রমের অগ্রগতি দেখে একে "দীর্ঘসূত্রিতা" বলে আখ্যায়িত করেন আদালত । শুনানির শেষ পর্যায়ে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাযদার হোসেন মামলার বাদি পক্ষের কৌসুলি ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমোদনের ব্যাপার থাকায় এ প্রক্রিয়া সম্পন্ন করতে জটিলতার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, মাযদার হোসেন মামলার রায়ে উপযুক্ত কর্তৃপক্ষ বলতে মন্ত্রণালয় নয় বরং সুপ্রিমকোর্ট বোঝানো হয়েছে। আদালত বলেন, "বিভিন্ন দিক বাস্তবায়নের বিষয় জড়িত থাকায় কিছুদিন এভাবে চলুক। তারপর দেখা যাবে।" ব্যারিস্টার আমীর শুনানি শেষে সাংবাদিকদের বলেন, বিচার বিভাগ পৃথককরণ প্রক্রিয়া সম্পন্ন করতে আমলাতান্ত্রিক জটিলতার সৃষ্টি হয়েছে। তিনি এ জটিলতা নিরসনের জন্য বিচার বিভাগের একটি স্বাধীন সচিবালয় থাকার ওপর গুরুত্বারোপ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এটি/এসকে ১৭৩৯ ঘ.