ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এসএম মিজানুর রহমান ও এবিএম বজলুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া প্রশাসনে যুগ্ম-সচিব পর্যায়ের কয়েকটি পদে রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় রোববার এ আদেশ দেয়।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত এসএম মিজানুর রহমান র্যাবের মহাপরিচালক এবং এবিএম বজলুর রহমান ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান সরকার তাদের প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করে। রোববার সংস্থাপন মন্ত্রণালয় তাদের ওএসডি করার নির্দেশ দেয়।
এদিকে ওএসডি যুগ্ম-সচিব হাবিবুর রহমানকে কর ন্যায়পাল কার্যালয়ের রেজিস্ট্রার এবং ওএসডি যুগ্ম-সচিব কামালউদ্দিন আহমেদকে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে। এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ডা. মো. নুরুন্নবীকে অবসর প্রস্তুতিকালীন ছুটির (এলপিআর) জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২১১৪ ঘ.
bdnews24