ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থায় পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে 'শক্তিশালী স্থানীয় সরকার জাতীয় কনভেনশন' এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, "স্থানীয় সরকারে নারীর ক্ষমতায়নের জন্য যেভাবে আসন সংরক্ষন করা হয়েছে, তাতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়নি। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থায় পরিবর্তন প্রয়োজন।"
বর্তমান ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, এখনকার আইনে তিনটি ওয়ার্ডের জন্য একজন নারীকে কমিশনার নির্বাচিত করার ব্যবস্থা রাখা হয়েছে। অথচ প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে নির্বাচিত কমিশনার রয়েছেন। ফলে নারী প্রতিনিধিদের সুর্নির্দিষ্ট কোনো দায়িত্ব থাকছে না। সরকার দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিলেও হাইকোর্টের আদেশে তা স্থগিত রয়েছে। আসলে এই প্রক্রিয়ার মধ্যেই ত্র"টি রয়েছে। ত্র"টি সংশোধন করে নারী প্রতিনিধিদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে।
উপদেষ্টা আরো বলেন, "স্থানীয় সরকার প্রতিনিধিদের শিক্ষিত হওয়া প্রয়োজন। কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী যেহেতু সংসদ সদস্যদেরই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, তাই সংবিধান সংশোধন ছাড়া এটা করা সম্ভব নয়।"
আনোয়ারুল ইকবাল জানান, সিটি করপোরেশনের অধিকাংশ মেয়রই এখন জেলে। আইন অনুযায়ী মেয়র অনুপস্থিত থাকলে তিনি যাকে দায়িত্ব দিয়ে যাবেন তিনিই দায়িত্ব পালন করবেন। জেলে যাওয়ার সময় তারা কাউকে দায়িত্ব দিতে পারেননি। এদিকে আইনি জটিলতার কারণে সরকারও কাউকে দায়িত্ব দিতে পারছে না। মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য তিন সদস্যের একটি প্যানেল করার নীতিগত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন করা হয়েছে। এই তিনজনের মধ্যে একজন হবেন নারী।
তিনি আরো জানান, স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সরকার একটি কমিটি করেছে। অতীতে সরকারি কর্মকর্তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পথে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করায় এই কমিটিতে কোনো সরকারি কর্মকর্তাকে রাখা হয়নি। কমিটির প্রয়োজনে কেবল একজন কর্মকর্তা এতে সচিবিক দায়িত্ব পালন করছেন।
এই কমিটি আগামী তিন মাসের মধ্যে সুপারিশ দেবে এবং ওই সুপারিশ অনুযায়ী সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
২৭টি সংগঠনের যৌথ আয়োজনে এই কনভেনশনে সভাপতিত্ব করেন হামিদা হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন ডিএফআইডি বাংলাদেশের গভর্নেন্স অ্যাডভাইজার জেসমুল হাসান। মিউনিসপাল অ্যাসোশিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান আলোচনায় অংশ নেন।
দিনব্যাপী এ কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাঁচটি আলাদা ফোরামে সমান্তরাল আলোচনা ও পর্যালোচনা শেষে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করা হয়। এর আগে প্রাথমিক আয়োজক সংগঠকগুলো মাঠ পর্যায়ে আলোচনা করে একটি প্রস্তাবনা তৈরি করে।
এই প্রস্তাবনায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য বর্তমান ব্যবস্থার পরিবর্তনের জন্য ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ১২টি করা এবং পর্যায়ক্রমিকভাবে তিনটি ওয়ার্ড নারীদের জন্য সংরক্ষরণের সুপারিশ করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদের সদস্য, উপজেলা পরিষদের সাবেক সদস্যসহ স্থানীয় সরকার সংস্থার প্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই কনভেনশনে অংশ নেন।
বিডিনউিজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/আরবি/এসি/জেকে/১৭৩৬ ঘ.
bdnews24