২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার কোলে চড়ে আদালতে এলো চাঁদাবাজি মামলার আসামী ৯ বছরের নাজমুল

পঞ্চম শ্রেণীর ছাত্র নাজমুলের বয়স মাত্র ৯। আর এ বয়সেই হামলা, লুটপাট ও চাঁদাবাজি মামলার আসামী করা হয়েছে তাকে। নাজমুলের বিরুদ্ধে অভিযোগ, ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে হামলা, ভাংচুর ও লুটপাট করায় অংশ নিয়েছে সে। শুধু তাই নয়, চাঁদা না পেয়ে এক টন রড, দুই ট্রাক বালু ও এক হাজার ইট লুট করে নিয়ে গেছে সে ও তার সঙ্গীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

কিশোরগঞ্জ, জুলাই ২২(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পঞ্চম শ্রেণীর ছাত্র নাজমুলের বয়স মাত্র ৯। আর এ বয়সেই হামলা, লুটপাট ও চাঁদাবাজি মামলার আসামী করা হয়েছে তাকে। নাজমুলের বিরুদ্ধে অভিযোগ, ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে হামলা, ভাংচুর ও লুটপাট করায় অংশ নিয়েছে সে। শুধু তাই নয়, চাঁদা না পেয়ে এক টন রড, দুই ট্রাক বালু ও এক হাজার ইট লুট করে নিয়ে গেছে সে ও তার সঙ্গীরা। অভিযোগ খতিয়ে না দেখেই নাজমুলের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে কিশোরগঞ্জের হোসেনপুর থানা পুলিশ। রোববার শিশু নাজমুল যখন তার বাবার কোলে চড়ে কিশোরগঞ্জ ১ নম্বর আমলি আদালতের কাঠগড়ায় হাজির হয় তখন বিচারক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আবু তাহের সাইদও বসে থাকতে পারেননি তার আসনে। এজলাসে ছেড়ে সোজা চলে যান কাঠগড়ার সামনে। আদালত উপপরিদর্শকের (সিএসআই) কাছে জানতে চান শিশুটিকে আসামী করার কারণ। জবাবে যে কথা জানা গেলো তা হলো, বাদীর অভিযোগের ভিত্তিতেই এ মামলাটি নথিভুক্ত করা হয়েছে। গত ৯ জুলাই হুগলাকান্দি গ্রামের মুছলেহ উদ্দিন চাঁদাবাজির অভিযোগে শিশু নাজমুল, তার ভাই, বাবাসহ আট জনকে আসামী করে মামলা করেন। রোববার ছিল সে মামলায় আসামীদের হাজির হওয়ার দিন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক শাহজাহান জানান, বাদীর লিখিত এজহারের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়ার সময় ওই শিশুর নাম বাদ দেওয়া হবে। উল্লেখ্য, হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হুগলাকান্দি গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে নাজমুল হুগলাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। বিডিনিউজ টুুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৭৩০ ঘ.