সিলেট, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান, সিলেট মহানগর বিএনপি সভাপতি আরিফুল হক চৌধুরীসহ সাত জনের বিরুদ্ধে ঠিকাদার নূরুজ্জামানের দায়ের করা চাঁদাবাজি মামলার অন্যতম আসামী মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল কবির ময়ুনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও মামলার অন্যতম আসামী নাসের রহমানকে আদালতে হাজির না করায় তা হয়নি। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল গফুর আগামী ৫ আগস্ট অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেন।
ফয়জুল হক ময়ুন একই দিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকেই তাকে সিলেট কেন্দ্রীয় করাগারে নিয়ে যাওয়া হয়।
সিলেটের ফেঞ্চুগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ২০০২-০৩ অর্থ বছরে সওজের ৩২ কোটি টাকার কাজ পাওয়ার বিনিময়ে চাঁদা দাবি এবং নির্যাতন ও হয়রানির অভিযোগে গত ১৬ ফেব্র"য়ারি ঠিকাদার নূরুজ্জামান সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামীরা হলেন, মৌলভীবাজার বিএনপির যুগ্ম সম্পাদক ওয়ালি সিদ্দিকী, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মৌলভীবাজার জেলার তৎকালীন নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক, সিলেটের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, সিলেটের তত্ত্ববধায়ক প্রকৌশলী আসমত-উদ-দৌলা।
এদের মধ্যে নাসের রহমান, আরিফুল হক চৌধুরী এখন কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৫ ঘ.
bdnews24