ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির জন্য ভারতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। একইসঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং ভারতের বাজারে আরও পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ থেকে ভারত, চীন, সিঙ্গাপুর, জাপান, হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। কিন্তু অন্যান্য দেশগুলোর তুলনায় ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বেশি। ভারতে আরও বেশি পণ্য রপ্তানি করে এ ঘাটতি কমিয়ে আনতে হবে।
রোববার ঢাকার একটি হোটেলে নবগঠিত ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের (আইবিসিসিআই) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতির যুগে বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিযোগিতা তীব্রতর হয়েছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতিতেও ব্যাপক উন্নতি ঘটেছে। এ অবস্থায় বাংলাদেশের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের আরও বেশি করে কাজ করতে হবে।
ড. ইয়াজউদ্দিন বলেন, আমাদের দেশে বর্তমানে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। এ অবস্থায় বিদেশিরা আমাদের সম্ভাবনাময় ওষুধ, মেলামাইন, গার্মেন্টস, হিমায়িত খাদ্য, সিরামিক, চামড়া এবং পাট খাতে বিনিয়োগ করতে পারেন। এসব পন্য বিশ্ব বাজারেও প্রতিযোগিতামূলক মূল্যে রপ্তানি করা সম্ভব।
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, দীর্ঘতম সমূদ্র উপকুল, সুন্দরবনের বন এবং সমৃদ্ধ ঐতিহ্যের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব এনেছি। এ প্রাকৃতিক সৌন্দর্যকে বহির্বিশ্বে তুলে ধরেও আমরা আয় করতে পারি। এ জন্য আমাদের 'মাল্টি এন্ট্রি ভিসা' এবং আরো কিছু পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রয়োজন। আশা করি প্রতিবেশী দেশ ভারত আমাদের এ সুবিধা দেবে।
আইবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী জয়রাম রমেশ, এফবিসিসিআই এর সভাপতি মীর নাসির হোসাইন, বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সর্বজিৎ চক্রবর্তী এবং আইবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মানজের হোসাইন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এসি/১৬০৯ ঘ.
bdnews24