ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ভোটার তালিকা সংক্রান্ত বিধি প্রণয়নের ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়ার বিধান রেখে দি ইলেক্টোরাল রোল অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স ২০০৭ নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এ সংশোধনীতে ভোটার পরিচয়পত্র তৈরির বিধান বাতিল করে ছবিসহ ভোটার তালিকা করার বিষয়টি সংযুক্ত করা হয়েছে।
শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের একথা জানান।
১৯৮২ সালের অধ্যাদেশে ভোটার আইডি কার্ডের প্রবর্তনের যে বিধান রাখা হয়েছিল তা সংশোধনীতে বাদ দেওয়া হচ্ছে। এছাড়া স্থানীয় সরকার অংশে অন্যান্য স্থানীয় সরকার পরিষদের সঙ্গে উপজেলা পরিষদ সংযুক্ত করা হয়েছে।
বিকেলে বৈঠক শেষে প্রেস সচিব জানান, দি ইলেক্টোরাল রোল অর্ডিনেন্স ১৯৮২ সংশোধন করে সংশোধিত অধ্যাদেশে যেসব বিষয় সংযুক্ত করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে ছবিসহ ভোটার তালিকা তৈরি এবং কম্পিউটারের মাধ্যমে ডাটাবেজ তৈরি করা।
সংশোধিত আইন অনুসারে নির্বাচন কমিশন প্রতি বছর জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদ করবে। ছবিসহ ভোটার তালিকা করা হলেও কেউ সংগ্রহ করতে চাইলে ছবি ছাড়া তালিকা দেওয়া হবে। কোনো ক্ষেত্রে ছবি মিলিয়ে দেখার প্রয়োজন হলে পরীক্ষা নিরীক্ষার জন্য ছবিসহ তালিকা ভোটকেন্দ্রসহ নির্বাচন সংশ্লিষ্ট কার্যালয়ে রাখা হবে।
ফাহিম মুনয়েম বলেন, ডাটাবেজ থাকায় সহজেই ভোটারকে শনাক্ত করা সম্ভব হবে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে এসিড নিয়ন্ত্রণ আইন ২০০২ এ সংশোধনী এনে এসিড নিয়ন্ত্রণ সংশোধনী অধ্যাদেশ ২০০৭ নীতি অনুমোদন দেয়া হয়।
২০০২ সালের আইনে এসিড নিয়ন্ত্রণ কেন্দ্রীয় কাউন্সিল গঠনের কথা বলা হয়েুছে। এ কাউন্সিলে সদস্য হিসেবে নতুন তিনজনকে অর্ন্তুভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এরা হবেন আইজিপি, আইন সচিব ও সমাজকল্যাণ সচিব। প্রয়োজনে অন্য যে কাউকে কো-অপ্ট করার বিধানও রাখা হয়েছে।
এদিকে নেদারল্যান্ডের টিউলিপ কম্পিউটার কোম্পানীর সঙ্গে সম্পাদিত প্র্য়া একশ কোটি টাকার কম্পিউটার কেনার চুক্তি বাতিল করায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলা আদালতের বাইরে মীমাংসা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে শনিবার এটি মীমাংসার জন্য বেলজিয়াম ও নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়।
প্রকল্পের জন্য নেদারল্যান্ড সরকারের ৫০ কোটি টাকা অনুদানের ভিত্তিতে তিন হাজার ৩৮২ টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার ৩৮৮টি কম্পিউটার সরবরাহ করার কথা ছিল। এ বিষয়ে চুক্তি করে পরে দাম বেশি হওয়ায় সরকার কম্পিউটার নেয়নি। এ নিয়ে নেদারল্যান্ডের স্থানীয় আদালতে একটি মামলা হয়।
বাংলাদেশ পক্ষের অনুপস্থিতিতে মামলার রায়ে ৩১ কোটি টাকা জরিমানা করে আদালত। এ বিষয়ে সরকার আপীল করেছে।
মামলাটির জন্য ইতিমধ্যে সরকারের ৩ কোটি টাকা ব্যয় হয়েছে বলে প্রেস সচিব জানান।।
উপদেষ্টা পরিষদের বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ তাদের কার্যক্রমের ওপর একটি বিবরণ উপস্থাপন করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি--এএইচডি/এমএইচএস/এসকে ২১১২
bdnews24