ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান শনিবার বলেছেন, "নেত্রী তার বিচার প্রক্রিয়া সংশয় প্রকাশ করেছেন। আমরাও এ বিষয়ে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। এজন্য শেখ হাসিনাকে আইনি সহায়তা দেওয়ার জন্য দু'একদিনের মধ্যে একটি 'আইনি সহায়তা কমিটি' (লিগ্যাল এইড কমিটি) করা হবে।"
হাসিনার মুক্তির দাবি নিয়ে দলের ভেতরে কোনো বিরোধ বা মতানৈক্য নেই দাবি করে তিনি বলেন, "আমরা সবাই তার মুক্তির পক্ষে এখন ঐক্যবদ্ধ।"
গুলশানের নিজ বাসভবনে শনিবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন জিল্লুর রহমান। এর আগে তিনি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন।
শেখ হাসিনাকে সসম্মানে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতা বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে রয়েছি। অথচ দলীয় সভানেত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সরকার এর মাধ্যমে কোনো ভুল করলে তা শুধরানোর অনুরোধ জানাচ্ছি।
বঙ্গবন্ধুকে যথাযথ মর্যাদা দেওয়া হবে- সেনাবাহিনী প্রধানের এ বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না। সরকার ও সেনাপ্রধান বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক মূল্যায়ন করেছেন। এ উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানাই।
জিল্লুর রহমানের সঙ্গে শনিবার দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শওকত আলী, সুবিদ আলী ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন দেখা করেন।
পরে মুকুল বোস সাংবাদিকদের বলেন, কারা কর্তৃপক্ষ সভানেত্রীর সঙ্গে স্বজনদের দেখা করতে দেয়নি। এটা অমানবিক ও দুঃখজনক। এ ঘটনায় আমরা ক্ষুব্ধ। আমরা অবিলম্বে শেখ হাসিনার মুক্তি চাই।
আওয়ামী লীগের চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, দলীয় সভানেত্রীর গ্রেপ্তারের কারণে বর্তমানে সংস্কার প্রক্রিয়া বন্ধ রয়েছে। নেত্রীর উপস্থিতিতেই সংস্কার হবে।
দলীয় সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট-এর কর্মসূচি গ্রহণের ব্যাপারে ভারপ্রাপ্ত সভাপতি মুকুল বোসকে ডেকে পাঠান। জিল্লুর রহমান এখন থেকে প্রতিদিন বিকেলে দলীয় নেতাদের মতামত শুনবেন। এরই মধ্যে তোফায়েল আহমেদের সঙ্গে তার কথা হয়েছে। বাকি নেতাদের সঙ্গেও তার আলোচনা হবে।
সূত্র আরও জানায়, ১৫ আগস্টের অনুষ্ঠান ও কাঙালি ভোজের অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশের কমিশনারের কাছে মুকুল বোসকে চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছেন জিল্লুর রহমান। আগামী দু'একদিনের মধ্যেই এ বিষয়ে চিঠি পাঠানো হবে।
আওয়ামী লীগ আশা করেছে, সরকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে করার অনুমতি দিয়েছিল। একইভাবে তাদেরও অনুমতি দেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমকে/এসএনডি/১৫৫০ ঘ.
bdnews24