ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---বিএনপির প্রতিষ্ঠাকালীন যুগ্ম মহাসচিব এবং দৈনিক দেশবাংলার সম্পাদক ফেরদৌস আহমদ কোরেশীর নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে। এই দলের নাম দেওয়া হয়েছে প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) বা প্রগতিশীল গনতান্ত্রিক দল।
শনিবার সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটি ভবনে কোরেশীর পত্রিকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন দলের নাম ঘোষণা করা হয়। কোনো কমিটি ঘোষণা করা হয়নি। দলের সমন্বয়কারী কোরেশী জানান, শিগগিরই শতাধিক সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জাতীয় পার্টির সাবেক নেতা শওকত হোসেন নিলুর নেতৃত্বে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নামে একটি নতুন দল ঘোষণা হয়।
কোরেশী আগস্টের মধ্যে পর্যায়ক্রমে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, '' আমরা আগামী সংসদ নির্বাচনে তিন শ আসনে এমন সব যোগ্য ও সৎ প্রার্থী জাতির কাছে উপস্থাপন করব যারা বিজয়ী হবেন।''
কোরেশী দুর্নীতি বিরোধী অভিযানে সফলতা কামনা করে বলেন, ''এই প্রথম বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনের শক্তিমান ব্যক্তিবর্গ, যারা বরাবর আইনের উর্ধ্বে অবস্থান করেছেন, তারা আজ আইনের আওতায় এসেছেন। শীর্ষ পর্যায়ের নেতা-নেত্রীরা কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেরাই নিজেদের দুর্নীতি ও অপশাসনের চাঞ্চল্যকর তথ্যাবলী তুলে ধরেছেন।''
তিনি দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন,'' দুর্নীতি বিরোধী অভিযানে যাতে কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার না হয় সেদিকে নজর দিতে হবে। অহেতুক আতঙ্ক ও ভয়ভীতি বন্ধ করতে হবে। গুরুতর অপরাধগুলো নিয়ে সরকারকে এগিয়ে যেতে হবে। ছোট-খাটো বিষয় নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ালে চলমান দুর্নীতিবিরোধী প্রক্রিয়া ব্যাহত হতে পারে।''
শেখ হাসিনার গ্রেপ্তার সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "কারো গ্রেপ্তারে আনন্দিত হওয়ার কিছু নেই। যারা কারো গ্রেপ্তার নিয়ে আনন্দ প্রকাশ করেন তারা রুচিহীন বলে মনে করি।''
স্বাধীনতাবিরোধীদের সর্ম্পকে তাঁর দলের অবস্থান জানতে চাইলে কোরেশী বলেন, সংবাদ সম্মেলনে যাদের দেখতে পাচ্ছেন, তারা সবাই মুক্তিযোদ্ধা। তাই আমাদের অবস্থান কী হবে বুঝতেই পারেন। আমরা বিভক্তির রাজনীতির অবসান চাই। সমন্বয়ের রাজনীতির ধারার সূচনা করতে চাই।
জরুরী অবস্থার মধ্যে দলের নাম ঘোষণা কতটুকু যুক্তিযুক্ত -- এ সম্পর্কে তিনি বলেন, ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ থাকলেও সবাই আমরা অনানুষ্ঠানিকভাবে সবই করছি। শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া ও মান্নান ভূঁইয়া- সবাই তো কথা বলছেন। আমরাও সেই সুযোগ নিচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের এক উপদেষ্টা বলেছেন যে, রাজনীতি তো চলছে। তবে আমরা মনে করি, বিষয়টি আইনানুগ হওয়া উচিৎ।
সংবাদ সম্মেলনে সাবেক মন্ত্রীদের মধ্যে বেগম কামরুন্নাহার জাফর, তাজুল ইসলাম চৌধুরী, কাজী ফিরোজ রশীদ, নূর মোহাম্মদ খান, অবসরপ্রাপ্ত কর্ণেল এম এ গাফফার, অ্যাডভোকেট ফজলুর রহমান, মাওলনা সাখাওয়াত হোসেন, গোলাম সারোয়ার মিলন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এন এ রফিকুল ইসলাম, নূরুল ইসলাম মনি, আনোয়ারুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। এই নতুন দলের অধিকাংশ শীর্ষ স্থানীয় নেতা জাতীয় পার্টির। তবে বিএনপি, আওয়ামী লীগ, কৃষক শ্রমিক জনতা লীগ, লিবারেল ডেমোক্রেটিক পার্টিরও (এলডিপি) বেশ কিছু নেতা আছেন।
বিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরবি/এসি/১৪২৮ ঘ.
bdnews24