চট্টগ্রাম, ২০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ও সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, '' সংস্কারের পক্ষে কিংবা বিপক্ষে বলে কিছু নেই, যে-ই দুর্নীতিবাজ হবে, তাঁর বিচার করা হবে। সংস্কারপন্থীদের মধ্যে দুর্নীতিবাজ থাকলে তাদেরও রেহাই দেয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।"
শুক্রবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে পুলিশ ইনস্টিটিউশন স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেনারেল মাসুদ এ কথা বলেন।
দুর্নীতিবাজরা সংস্কারের পক্ষে অবস্থান নিলে মামলা থেকে বেঁচে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি যারা করেছেন তারা সংস্কারের পক্ষে থাকুন আর না থাকুন, তাদের বিচার হবে।
সংস্কারবাদীদের মধ্যে দুর্নীতিবাজ বলে কথিত কারও বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়নি, এ কথা উল্লেখ করা হলে জেনারেল মাসুদ বলেন,"এ বিষয়ে আমি কয়েকদিন আগেও বলেছি। আমাকে সময় দিতে হবে। সব কাজ একসাথে করা সম্ভব নয়। দেশে যে পরিমাণ দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারী রয়েছেন সবাইকে বিচারের আওতায় আনা হবে। জনবল ও কাঠামোগত সীমাবদ্ধতার কারণে সবার বিষয় একসাথে হ্যান্ডেল করা সম্ভব নয়। এটি ধাপে ধাপে করা হবে।"
চলমান দুর্নীতি দমন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে লে. জেনারেল মাসুদ বলেন,"আপাতদৃষ্টিতে হয়ত অনেকের কাছে এটি ধীরগতির মনে হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত যতটুকু অগ্রগতি হয়েছে তা সন্তোষজনক। এ ধরণের কাজ প্রথম দিকে একটু ধীর গতিতে এগোয়। ভবিষ্যতে অনেক ফল দেখতে পাবেন।"
দুর্নীতি দমনের নামে 'মাইনাস টু' ফমুর্লা কার্যকর করা হচ্ছে - প্রধান রাজনৈতিক দলগুলোর এ অভিযোগের সত্যতা তিনি অস্বীকার করেন। জেনারেল মাসুদ বলেন, '' কোনভাবেই না। যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, কিংবা যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা প্রত্যেকেই দুর্নীতির দায়ে অভিযুক্ত। আমার জানা মতে সরকার রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করেনি। সরকারের এ ধরনের কোন পরিকল্পনা আছে বলে আমার জানা নেই। ।''
লে. জেনারেল মাসুদ আরও বলেন, 'আমি কোন ব্যক্তির নাম বলব না। এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার কিংবা মামলা করা হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগ রয়েছে।'
দুর্নীতিবাজের তালিকার বিষয়টিকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ তালিকা কোথায় গিয়ে শেষ হবে তা বলা যাবে না। নতুন নতুন নাম তালিকায় উঠে আসবে। এখন আমরা প্রচুর অভিযোগ পাচ্ছি। তা খতিয়ে দেখার পর শুধুমাত্র নিশ্চিত হবার পরই নতুনদের দুর্নীতির তালিকায় অন্তর্ভূক্ত করা হচ্ছে।
শেখ হাসিনাকে মুক্ত না করা পর্যন্ত আওয়ামী লীগ সংস্কার কার্যক্রমে হাত দেবে না বলে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের ঘোষণার বিষয়ে মনোযোগ আকর্ষণ করা হলে তিনি বলেন, 'এটি আওয়ামী লীগের নিজস্ব ব্যাপার'।
প্রধান অতিথির বক্ত্যবে লে. জেনারেল মাসুদ আরও বলেন, দেশ ও জাতির স্বার্থে আমাদের সন্তানদেরকে দুর্নীতিকে ঘৃণা করতে শেখাতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরবর্তী প্রজ
bdnews24