ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত এবং তিন জন আহত হয়েছেন।
নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মাধবপুর গ্রামের নুরু মিয়া (৬৫) ও তার ছেলে জিলু মিয়া (৩০)।
সদর থানার উপ-পরিদর্শক ফজলুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সদর থানার রামপুর ব্রিজের কাছে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় একটি মাইক্রোবাস উল্টে গিয়ে ঘটনাস্থলেই নুরু মিয়া ও তার ছেলে জিলু মিয়া মারা যান।
আহত হন ওই পরিবারের তিনি জন। গুরুতর আহত রহিমা বেগমকে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুই জনকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর থানার বিয়াল্লিশ শহর নামক স্থানে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় অজ্ঞাত সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়।
নিহতদের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৬১৫ ঘ.
bdnews24