পটুয়াখালী, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালীর ২১টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। জনজীবন থমকে পড়েছে অবিরাম বর্ষণে। বিরূপ পরিস্থিতিতে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারছেন না।
বন্দর কর্মকর্তা শহীদুল্লাহ মিয়া শুক্রবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আবহাওয়া বিরূপ থাকায় গত ৩৬ ঘণ্টা ধরে ২১টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।
শুক্রবার সকাল ৯টার আগের ২৪ ঘণ্টায় জেলায় ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক ইউনুস হাওলাদার।
তিনি জানান, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কুয়াকাটাসহ সাগর উপকূলবর্তী অঞ্চলে সাগর উত্তাল রয়েছে।
মহীপুর মৎস্য বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাগর উত্তাল থাকায় গত এক সপ্তাহ ধরে জেলেরা মাছ শিকারে যেতে পারছেন না।
কুয়াকাটা, মহীপুর, আলীপুর, ঢোশ, মৌডুবি, রাঙাবালী, লালুয়া, চর কাজল, চর আন্ডাসহ বিভিন্ন চরে প্রায় ৭০০ মাছধরা ট্রলার নোঙর করে আছে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১১ ঘ.
bdnews24