২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুলাল শেখ হত্যা মামলায় ১৭ জনের কারাদণ্ড

রাজশাহীর বাঘা উপজেলার বিএনপি নেতা দুলাল শেখ হত্যা মামলার রায়ে ১৭ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

রাজশাহী, ১৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাঘা উপজেলার বিএনপি নেতা দুলাল শেখ হত্যা মামলার রায়ে ১৭ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে আদালত। রাজশাহী দ্রুত বিচার আদালতের বিচারক এটিএম মেসবাহউদ্দৌলা বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন। রায়ে হাফিজুল ইসলাম, মফিজ উদ্দিন, জাহিদুল ইসলাম, আজদার আলী, সাহাবুল, সুমন, রশিদ মাল ও নওশাদ মালকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে রশিদ ও নওশাদ পলাতাক রয়েছেন। এই মামলার অপর আসামি মামুনুর রশিদ (পলাতক), মাকসুদুর রহমান, আব্দুল মাজেদ ও আইয়ুব আলীকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া শামিম, রিপন এবং পলাতক আসামি কাউসার ও হাবিবুল্লাহকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় বুলেট, মুক্তার হোসেন ও হামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের মুক্তির নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগে জানা যায়, ২০০৩ সালের ১৯ জুলাই বাঘা উপজেলার কেশবপুর গ্রামে দুলাল শেখকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর দুলাল শেখের বড় ভাই আব্দুস সালাম শেখ বাদি হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১৩৫ ঘ.