ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গাড়ি ভাংচুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ধর্মঘট পালনের সময় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে যায়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকালে বাসের চাবি কেড়ে নেয় ধর্মঘটকারীরা। গোপালগঞ্জে বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা কয়েকটি বাস ভাংচুর করে। চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।
আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, ক্যাম্পাসে ব্যাপক পুলিশের উপস্থিতিতে সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি মিছিল করে। খুব দ্রুত মিছিল শেষ করে তারা দুইটি বাস ভাঙচুর করে। (আরও তথ্যসহ)
ক্যাম্পাসে ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল একেবারেই কম। নিয়মিত ক্লাসগুলো হয়নি। তবে বিভাগীয় পরীক্ষা যথারীতি হয়েছে।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কাজী আসাদকে ফোন করে মঙ্গলবার অনুষ্ঠেয় পরীক্ষাগুলো না নেওয়ার হুমকি দেয় বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন ।
অধ্যাপক কাজী আসাদ বলেন, "সকাল সাড়ে ৯টার দিকে আমার বাসার ফোনে একটি কল আসে। ওপ্রান্ত থেকে বলা হয়, মঙ্গলবারে কোনো পরীক্ষা নেওয়া হলে মেরে ফেলা হবে।"
প্রক্টরকে হুমকি দেওয়ার পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক হয়।
এদিকে ১১টা ৩২ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষের দেওয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি শাহবাগ থানা পুলিশ। তবে থানার উপ পরিদর্শক মোর্শেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরণের পরপরই নীল রংয়ের একটি গাড়ি রেজিস্ট্রার ভবন এলাকা থেকে দ্রুত বের হয়ে যেতে দেখেছেন কয়েকজন শিক্ষার্থী।
একটি ককটেলের বিস্ফোরণ ঘটে উপাচার্যের কক্ষ সংলগ্ন সম্মেলন কক্ষের দেওয়ালে। বাকি দু'টি রাস্তায় বিস্ফোরিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বলেন, "এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। একে বড় করে দেখা উচিত নয়। ছাত্র-শিক্ষক সবাই বিশ্ববিদ্যালয়ে সুন্দর পরিবেশ চায়।"
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। এ নিয়ে শঙ্কার কিছু নেই। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের যে কোনো স্থানে ঘটতে পারত।
তিনি বলেন, "আশা করব সবাই সচেতন থাকবে।"
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আরও জোরদার করা হবে কিনা বা বিস্ফোরণের ঘটনা নিয়ে কোনো তদন্ত কমিটি করা হবে কিনা জানতে চাইলে উপাচার্য বলেন, "অতিরিক্ত নিরাপত্তার চেয়ে বেশি জরুরি হলো সবার সচেতনতা। তবে যদি দেখি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাহলে নিরাপত্তা জোরদার করা হবে।"
পুলিশের রমনা জোনের সহকারি কমিশনার আনিসুর রহমানও ছিলেন ঘটনাস্থলে।
তিনি বলেন, "এটি শব্দ-উৎপাদক কোনো পটকা ধরনের বোমা বা ককটেল। আমরা এখান থেকে টিনের কৌটার ভাঙা অংশ, লাল টেপ আলামত হিসেবে সংগ্রহ করেছি।"
ঘটনার প্রত্যক্ষদর্শী রেজিস্ট্রার ভবনের নিরাপত্তারক্ষী গোলাম মোস্তফা জানান, সাড়ে ১১টার একটু পরে উপাচার্যের কার্যালয়ের জানালার পাশে তিনি বোমাগুলো বিস্ফোরিত হতে দেখেছেন।
বিস্ফোরণের পর প্রচুর পুলিশ, আর্মড পুলিশ ও সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে আসে।
এছাড়া ছাত্রলীগের ডাকা ধর্মঘটের কারণে ক্যাম্পাসের প্রতিটি মোড়েই পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস ও পরীক্ষা হয়েছে। তবে বিস্ফোরণের শব্দে কলা ভবন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে ধর্মঘট চলাকালে সরকারি কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজেও শিক্ষার্থী উপস্থিতি ছিল খুব কম। নিয়মিত ক্লাস হয়নি। কলেজ ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।
আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষুব্ধ জনতা তিনটি বাস ভাংচুর করেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিষয়পাশা মোড়ে এ ভাংচুরের ঘটনা ঘটে।
সকালে ধর্মঘটের সর্মথনে সদর উপজেলার পাইককান্দি, শুকতাইল স্কুল ও চন্দ্রদিঘলিয়া স্কুলের ছাত্ররা মিছিল বের করে। গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা ক্লাস বর্জন করে ওই মিছিলে অংশ নেন। পশ্চিম গোপালগঞ্জের সাধারণ মানুষও ওই মিছিলে যোগ দেয়।
মিছিলকারীরা ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিজয়পাশা মোড়ে আল-হেরা পরিবহনসহ তিনটি বাস ভাংচুর করে।
কাশিয়ানী উপজেলার ফুকরায় ছাত্ররা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে। গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কাশিয়ানী, কোটালীপাড়া উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালিত হয়েছে।
শেখ হাসিনাকে নিঃশর্ত মুক্তির দাবিতে কাশিয়ানী উপজেলার তিলছাড়া, গোপালপুর, আড়
bdnews24