চট্টগ্রাম, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চিকিৎসক ধর্মঘটে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।
চাকরি স্থায়ী করাসহ তিন দফা দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডাকা হয়েছে বলে জানান আন্দোলনকারী মেডিকেল অফিসার এনামুল হক চৌধুরী।
হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. জাফরুল হান্নান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ৫০ জন মেডিকেল অফিসার সকাল থেকে কাজে যোগ না দেওয়ায় জরুরি ছাড়া অন্য সব ধরনের চিকিৎসা সেবা এক প্রকার বন্ধ রয়েছে। শিডিউল অনুযায়ী অনেক অপারেশন করাও সম্ভব হচ্ছে না। জরুরি ভিত্তিতে কিছু অপারেশন করা হচ্ছে।
হাসপাতালে এখন ২৫০ জন রোগী ভর্তি রয়েছেন বলে ওই চিকিৎসক জানান।
আগ্রাবাদের মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য শুধু মহানগরী নয়, জেলার বিভিন্ন স্থান থেকে এবং চট্টগ্রামের বাইরে থেকেও প্রতিদিন প্রচুর রোগী আসেন।
জাফরুল হান্নান জানান, মেডিকেল অফিসারদের কর্মবিরতির নিয়ে মঙ্গলবার সকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়। কিন্তু তাতে কোনও সুরাহা না হওয়ায় বুধবার হাসপাতালের কার্য নির্বাহী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে।
এনামুল হক চৌধুরী জানান, গত জুন মাসে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ৫০ জন মেডিকেল অফিসারের চাকরি স্থায়ী করার একটি চুক্তি হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ এস ফজলুল করিম সে চুক্তি বাতিল করেন।
১৫ জুলাইয়ের মধ্যে ওই চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তারা কর্মবিরতি পালন করছেন বলে জানান এনামুল হক।
তিনি আরও জানান, তাদের দাবি তিনটি। প্রত্যেক মেডিকেল অফিসারের চাকরি স্থায়ী করতে হবে। শিক্ষা ছুটির বিধান সম্বলিত পূর্ণাঙ্গ কার্যকর সার্ভিস রুল চালু করতে হবে। কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে।
এ তিনটি দাবি মেনে নেওয়া না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে এনামুল হক জানান।
দুই বছরের শিক্ষানবিশ সময় শেষে চাকরি স্থায়ী করার দাবিতে হাসপাতালের চিকিৎসকরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24