ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনা বলছিলেন "আমি দেশবাসীকে বলতে পারি আমি কোন অন্যায় করিনি। আওয়ামী লীগের ৫ বছর দেশে সুশাসন ছিল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। আমি সততার সঙ্গে দেশ চালিয়েছি।"
সোমবার ভোরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার বাসা সুধা সদন ঘিরে ফেললে হাসিনা ফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিনিধি সুমন মাহবুবকে টেলিফোনে বলতে থাকেন, "ব্যক্তিগতভাকে বলতে পারি আামি বা আমার পরিবারের কোন সদস্য চাঁদাবাজি করেনি। গত ৫ বছরে জোট সরকার আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। তারা অনেক কিছু খুঁজেছে। কিন্তু কিছুই পায়নি। কেন এ ভাবে আমাদের হয়রানি করা হবে।
'আমাদের আন্দোলনের ফসল এই সরকার। কেন জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে।" (আরও তথ্যসহ-৪)
সোমবার ভোর ৪ টা ৫৩ মিনিটে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলছিলেন তখন বাইরে প্রবল বৃষ্টি। তার বাসা ঘিরে আছে পুলিশ, র্যাব ও নিরাপত্তাবাহিনীর অনেক সদস্য। সুধাসদনের ঢোকার সব রাস্তা তার বন্ধ করে দেয়। বেশ কিছু মহিলা পুলিশ সুধাসদনে ঢোকেন। সুধাসদনের সামনে অপেক্ষা করছিল একটি প্রিজন ভ্যান ও অ্যাম্বুলেন্স। এ ছাড়া চারপাশে ছিল প্রায় ৫০টি পুলিশ ও র্যাবের গাড়ি।
হাসিনার ফোনে কথা বলার এক পর্যায়ে দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। কেউ একজন বলেন ওরা চলে এসেছে। ওরা ভিতরে আসতে চায়।
তখন হাসিনা বলেন, "ওদেরকে বলো, আমি নামাজ পড়ে আসছি।"
এ সময় সুধা সদনের ভেতরে আছেন শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়া, ব্যক্তিগত কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর ইকবাল ও অবসরপ্রাপ্ত মেজর কিবরিয়া এবং বাসার কয়েকজন গৃহকর্মচারী ও গাড়ির চালক।
ভোর সাড়ে পাঁচটায় হাসিনার প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমদ সিদ্দিক ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারের জিয়াউদ্দিন সুধাসদনের সামনে আসেন। কিন্তু তাদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। ভোর ৬টা ২৭ মিনিটে হাসিনার আরও তিন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর শোয়েব, মেজর মামুন ও মেজর মইন সুধা সদনের সামনে আসেন।
সুধা সদনের আশ পাশের এলাকাসহ ধানমন্ডি হ্রদের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে। ভোর আলো ফুটতে থাকায় প্রাতঃভ্রমণ করতে বের হতে গিয়ে এই এলাকার লোকজন নিরাপত্তা বাহিনীর এত সদস্য দেখে পুনরায় ঘরে ঢুকে যায়। নিরাপত্তা বাহিনী কাউকে রাস্তায় চলাচল করতে দিচ্ছে না। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।
নিরাপত্তা বাহিনীর সদস্যদের অনেকের হাতে ছিল দড়ি ও প্লায়ার্স। এ ছাড়া কয়েকজন সদস্যের হাতে ছিল কুকর অবশের অষুধ নিক্ষেপণ যন্ত্র। এ ব্যাপারে জানতে চাইলে একজন পুলিশ কর্মকর্তা বলেন, সুধাসদনের ভেতর বেশ কিছু কুকুর আছে। সেগুলোকে নিয়ন্ত্রণে আনতেই এই ব্যবস্থা রাখা হয়েছে।
শেখ হাসিনা দেশে জরুরি অবস্থা জারি হওয়ার কিছুদিন পর সন্তানসম্ভবা মেয়েকে দেখতে গত ১৫ মার্চ আমেরিকা যান। ঢাকা ছেড়ে যাওয়ার আগে হাসিনা বলে যান, আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় এলে তত্ত্বাবধায়ক সরকারের সকল কর্মকান্ডের বৈধতা দেবে। এরপর ৭ এপ্রিল আমেরিকায় অবস্থানকালেই নির্বাচন অনুষ্ঠানে দেড় বছরের বেশী সময় লাগবে বলে নির্বাচন কমিশনের ঘোষণা শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হাসিনা।
এরপর ৯ এপ্রিল হাসিনার বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
তেজগাঁও ও গুলশান থানায় দায়ের করা এই দুটি মামলায় তার বিরুদ্ধে কয়েকটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনে অনুমতি দেওয়ার বিনিময়ে মোট ৮ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ' টাকার চাঁদা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
তেজগাঁও থানায় দায়ের হওয়া মামলাটি করেন ২২ জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নূর আলী। ওই মামলায় শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন ও তার স্ত্রী রূপা চৌধুরীকেও আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালে নারায়ণগঞ্জের হরিপুর, চট্টগ্রামের শিকলবাহা ও খুলনায় তিনটি বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দিতে শেখ হাসিনা বাদির প্রতিষ্ঠান ফরচুন লিমিটেডের কাছ থেকে পাঁচ কোটি টাকা চাঁদা নিয়েছেন।
গুলশান থানায় মামলাটি করেন ব্যবসা প্রতিষ্ঠান ইস্ট-কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী। শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে এই মামলার প্রধান আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার জন্য শেখ সেলিম ২০০০ ও ২০০১ সালে বাদির কাছ থেকে কয়েক দফায় মোট ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ' টাকা চাঁদা নেন। স্ট্যান্ডার্ড চাটার্ড ও সাউথ ইস্ট ব্যাংকের আটটি চেকের মাধ্যমে এই টাকা লেনদেন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
দু'দিন পর গত বছর অক্টোবরে পল্টন এলাকায় শিবির কর্মী হত্যা মামলায় পুলিশ তাকে অভিযুক্ত করে। এসব ঘটনার পর আমেরিকা সফর সংক্ষিপ্ত করে ১৪ এপ্রিল দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
সে সময় যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন আওয়ামী লীগ সভানেত্রীকে তার নির্ধারিত সময়ে দেশে ফেরার অনুরোধ জানান। যোগাযোগ উপদেষ্টার অনুরোধের পর হাসিনা দেশে ফেরার তারিখ পরিবর্তন করেন। কিন্তু ১৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রেসনোটে জরুরি অবস্থা জারির জন্য হাসিনাকে অন্যতম দায়ী করে বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরে এলে আইন--শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
এজন্য সরকার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলেও জানানো হয় প্রেসনোটে। দেশ--বিদেশের সংবাদ মাধ্যমগুলোতে এ বিষয়টিকে হাসিনার দেশে ফেরার ওপর সরকারি নিষেধাজ্ঞা হিসেবে বলা হয়।
এর পরদিনই শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে লন্ডন আসেন। ২২ এপ্রিল দেশে ফিরতে চাইলে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস না দিয়ে হিথ্রো বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের তীব্র সমালোচনা করেন। ভারতীয় দুটি বেসরকারি টেলিভিশনকে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, তিনি যে কোনও মূল্যে দেশে ফিরে আসবেন। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে তিনি দেশে--বিদেশে জনমত তৈরি করবেন।
লন্ডনে থাকাকালে শেখ হাসিনা বিবিসি, আল জাজিরাসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেও বক্তব্য দেন।
পরে অবশ্য বাংলাদেশ সরকার প্রেসনোট প্রত্যাহার নেয়।
লন্ডনে রয়টার্সকে দেওয়া এক এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফেরার পর গ্রেপ্তার করা হলে কারাগারে যেতেও ভীত নন তিনি। যে কোনো মূল্যে তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনা বলেন, "তারা (সরকার) আমাকে গ্রেপ্তার করতে পারে, মেরে ফেলতে পারে। কিন্তু এ ব্যাপারে আমি মাথা ঘামাচ্ছি না। আমাকে দেশে ফিরতেই হবে।"
প্রায় ৯ টাকার চাঁদাবাজির মামলা এবং হত্যাকান্ডের অভিযোগের মুখে দীর্ঘ ৫১ দিন বিদেশ সফর শেষে ৭ মে বাংলাদেশে পৌঁছেন শেখ হাসিনা। অন্তরীণ করে রাখা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমানবন্দরে শেখ হাসিনা বলেন, এর আগে আমাকে দেশে ফিরতে না দিয়ে সরকার ভুল করেছিল। আশা করছি এই ভুল তারা আবার করবে না। আমার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/০৬০০ ঘ.
bdnews24