২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় ধস রোধে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ

চট্টগ্রামে পাহাড় ধসের পর গঠিত তদন্ত কমিটির কয়েকটি সুপারিশ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত আদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এম এ এন সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 01:04 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

রুহল আমিন রানা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পাহাড় ধসের পর গঠিত তদন্ত কমিটির কয়েকটি সুপারিশ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত আদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এম এ এন সিদ্দিক। গত ১১ জুন চট্টগ্রামে ভয়াবহ পাহাড় ধসে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়। মারা যায় ১২৮ জন। বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে ঘটনার পরপরই দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি দুটি গত ২৪ জুন পাহাড় ধসের কারণ ও ভবিষ্যতে বিপর্যয় এড়াতে দুটি পৃথক প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সুপারিশগুলো বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে রোববার বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার। মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব হুমায়ুন কবীর স্বাক্ষরিত আদেশে চারটি সুপারিশের মধ্যে দুটিকে আশু করণীয় হিসাবে এবং অপর দুটিকে দ্রুত বাস্তবায়নযোগ্য হিসাবে উল্লেখ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সুপারিশগুলো বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে তাগাদা দেওয়া হয়েছে বলে এ এন সিদ্দিক। সূত্র জানায়, নির্বিচারে পাহাড় কাটার সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি আদেশে বলা হয়েছে। এতে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে মামলা দায়ের এবং দায়েরকৃত মামলাগুলো নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ, তদারকি ও সরকারকে অবহিত করার জন্য বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এটিকে আশু করণীয় হিসাবে চিহ্নিত করে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তর, চট্টগ্র্মা উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মহানগর পুলিশ ও উপ-মহা পুলিশ পরিদর্শককে পৃথক নির্দেশ দিয়েছে বলে জানা যায়। এছাড়া, পাহাড়তলী রেলওয়ে জিআর শপের কাছে দেয়াল ভেঙ্গে যে ১২ জনের মৃত্যু হয়েছে তাদের পরিবারসহ ক্ষতিগ্রস্ত অন্য পরিবারগুলোকে সরকারি ও বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত অর্থ থেকে আর্থিক সহায়তা দিতে বলা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড় ও দেয়াল ধসের ঘটনার পর গঠিত ত্রাণ ও পুনর্বাসনের বিশেষ কমিটির রোববারের সভায় নিহত এবং ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোকে ন্যূনতম ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাহাড় কাটা রোধে এবং ভবিষ্যতে এ ধরনের ভয়াবহ বিপর্যয় এড়াতে বাকি দুটি সুপারিশকে দ্রুত বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে। এতে বলা হয়েছে- প্রচলিত বিধি বিধান উপেক্ষা করে কেউ যাতে আর পাহাড় কাটতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সাথে চট্টগ্রাম ও তার আশেপাশে পাহাড়ি এলাকায় বর্ষা মৌসুমের মধ্যেই পরিকল্পিত বনায়ন কর্মসূচি সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী পরিবারসমূহে স্থানান্তর ও স্থায়ী ভাবে পুর্নবাসনের জন্য সকল ধরনের পদক্ষেপ নেয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছেন। বিভাগীয় কমিশনার হোসাইন জামিল জানান, ৩০০ ঝুঁকিপূর্ণ পরিবারকে স্থানান্তরের জন্য ইতোমধ্যে ৪৫ লাখ টাকা বণ্টন করা হয়েছে এবং তাদের স্থায়ী আবাসনের জন্য জায়গা তৈরি করা হয়েছে। এছাড়া প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পাহাড় কাটা রোধে আইনকে যুগোপযোগী করতে যে সুপারিশ করা হয়েছিল তাও আমলে নিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর এই আইন পরিবর্তনে খসড়া তৈরির কাজ শুরু করেছে। প্রসঙ্গত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এম এ এন সিদ্দিককে আহ্বায়ক করে গঠিত পৃথক দুটি তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে নির্বিচারে পাহাড় কাটা বন্ধে পাহাড় কাটার সঙ্গে জড়িত প্রভাবশালীদের বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে মামলা দায়ের এবং মামলাগুলো ত্বরান্বিত করার পাশাপাশি বনায়ন ও পাহাড় ব্যবস্থাপনার প্রস্তাব করেছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ আরএআর/এমআই/১৯০৫ ঘ.