ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে সোনা চোরাচালান মামলায় যুক্তিতর্কের শুনানি দ্বিতীয়বারের মতো পিছিয়েছে।
এরশাদের অনুপস্থিতিতে তার পক্ষের আইনজীবীরা সময় চাওয়ায় বিচারক ১৪ আগস্ট যুক্তিতর্কের নতুন তারিখ ধার্য করেন।
রোববার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আবুল বাসারের আদালতে এ মামলায় যুক্তিতর্কের দিন ধার্য ছিল। এর আগে একই আদালতের অন্য বিচারক এস এম মজিবুর রহমান মামলাটির রায় ঘোষণা ছয়বারের মতো মুলতবি করেছিলেন। গত ১২ জুন নতুন বিচারক মো. আবুল বাসার মামলাটি সম্পর্কে কিছু জানতেন না এবং কোনো শুনানি গ্রহণ করেননি বলে রায় ঘোষণার পরিবর্তে আবার যুক্তিতর্ক শুনানির তারিখ ১৫ জুন ধার্য করেছিলেন। সেদিনও এরশাদ অসুস্থ দাবি করে তার আইনজীবীরা শুনানির জন্য সময় চান।
১৯৯০ সালের ১৭ জুলাই জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায় আড়াই কোটি টাকার তিন হাজার ভরি সোনা উদ্ধারের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় একই বছরের ৩০ আগস্ট অভিযোগপত্র দেওয়া হয়।
পরের বছর ৩১ আগস্ট এরশাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সোনা চোরাচালান অভিযোগ এনে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/১৮৫৫ ঘ.
bdnews24