২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৫ ডাকাতকে আটক করেছে জনতা

বেনাপোলের কাগজপুকুৃর বাজারে ডাকাতি করে পালানোর সময় পাঁচ ডাকাতকে আটক করেছে জনতা। শনিবার রাতে ডাকাত দল বাজারের একটি সোনার দোকান ও একটি মুদি দোকানে হানা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 07:29 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

বেনাপোল (যশোর), জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেনাপোলের কাগজপুকুৃর বাজারে ডাকাতি করে পালানোর সময় পাঁচ ডাকাতকে আটক করেছে জনতা। শনিবার রাতে ডাকাত দল বাজারের একটি সোনার দোকান ও একটি মুদি দোকানে হানা দেয়। সোনার দোকান থেকে ৬২ ভরি সোনা লুট হয়েছে বলে দাবি করেছেন ওই দোকানের মালিক শহীদুল মোল্লা। বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক মুক্তার আলী জানান, আটক ডাকাতরা খুলনার মোস্তফা ডাকাতের নেতৃত্বে তারা ডাকাতিতে অংশ নেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। ব্যবসায়ীরা জানান, রাত তিনটার দিকে ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল বাজারে হানা দিয়ে নৈশ প্রহরীদের বেঁধে ফেলে। পরে তারা শাহনাজ জুয়েলার্স ও শফিক জেনারেল স্টোর নামে একটি মুদি দোকানের তালা ভেঙ্গে ঢুকে লুটপাট চালায়। লুণ্ঠণ শেষে যাওয়ার সময় স্থানীয় লোকজন টের পেয়ে ধাওয়া করে পাঁচ ডাকাতকে ধরে ফেলে। এরা হলেন, যশোরের ঝিকরগাছার সুমন, বাগেরহাট সদরের মোস্তাফিজুর, বরিশালের আগৈলঝারার আসাদ এবং খুলনার জুয়েল ও শাহজাহান। মুদি দোকানের মালিক শফিকুল ইসলাম দাবি করেন, তার দোকানের ক্যাশ বাক্স থেকে ২২ হাজার টাকা লুট হযেছে। এ ঘটনায় বেনাপোল থানায় মামলা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মুক্তার বলেন, এ ডাকাতির সঙ্গে শুক্রবার রাতে বেনাপোল রেল স্টেশন সংলগ্ন মশিউর রহমানের বাড়িতে ডাকাতির যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার রাতে ডাকাতরা মশিউর রহমানকে তার বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.