ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি নীতিমালা নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এছাড়া বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া হিসেবে ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড-এর মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিক্যাল অফ এসোসিয়েশনও অনুমোদন করা হয়েছে।
শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন বলে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে জানানো হয়, সাবমেরিন কেবলের সামর্থ্য পুরোপুরি ব্যবহার করে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স টেলিকমিউনিকেশন সার্ভিসেস পলিসি বা আইএলডিটিএস পলিসি, ২০০৭ নামে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি নীতিমালা নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। বিটিআরসি চেয়ারম্যান মঞ্জুরুল আলম বৈঠকে নীতিমালার বিভিন্ন দিক তুরে ধরেন। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু সরকারিভাবে জানানো হয়নি।
বৈঠকে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এর মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিক্যাল অফ এসোসিয়েশন অনুমোদনের ফলে সরকারি নিয়ন্ত্রণমুক্তভাবে বিমান একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হওয়ার সুযোগ পাবে।
তথ্যবিবরণীতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ ফ্ল্যাগ ভেসেলস (প্রোটেকশন) অর্ডিন্যান্স (সংশোধিত) অধ্যাদেশে, ২০০৭ এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর ফলে বাংলাদেশী আমদানি -রপ্তানিকারকদের বিদেশি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার অসুবিধা দূর হবে।
এছাড়া, বৈঠকে ৩১ ডিসেম্বরের আগেই বার কাউন্সিল নির্বাচন করার বিধান সংযোজন করে বার কাউন্সিল (অস্থায়ী বিধান) অধ্যাদেশ, ২০০৭-এর খসড়া প্রণয়নের প্রস্তাব অনুমোদন করা হয়।
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/২১২৩ ঘ.
bdnews24