২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর স্কুলে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা ম্যাড হিস্টিরিয়ায় আক্রান্ত

নরসিংদীর রায়পুরায় আাদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ তিন ছাত্রীকে শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বলছেন, ওই তিন শিক্ষার্থী ম্যাড হিস্টিরিয়ায় আক্রান্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 02:10 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরায় আাদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ তিন ছাত্রীকে শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বলছেন, ওই তিন শিক্ষার্থী ম্যাড হিস্টিরিয়ায় আক্রান্ত। শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের বরাত দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর নরসিংদী প্রতিনিধি জানান, গত বুধবার থেকে ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। তাদের প্রথমে মাথাব্যাথা শুরু হয়। সেইসঙ্গে বমি বমি ভাব, হাত পা জ্বালাপোড়া ও খিচুনী হতে থাকে। এক পর্যায়ে আক্রান্ত ব্যাক্তি সংজ্ঞা হারায়। শনিবার পর্যন্ত শিক্ষক কবির হোসেন, সুমনা বেগম, শ্যামল কুমার বর্মন, এহতেসামুল হকসহ শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন বলে জানান নূর সাখাওয়াত হোসেন। এদের মধ্যে ১০ম শ্রেণীর ছাত্রী উম্মে আক্তার সাথী (১৫), মুশফিকা জাহান মৌসুমী (১৪) ও ৯ম শ্রেণীর ছাত্রী আলেয়া আক্তারকে (১৬) শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের হাসাতালের মানসিক স্বাস্থ্য ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নূর সাখাওয়াত হোসেন জানান, শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক দেখা দেওয়ার প্রশাসনের পরামর্শে তিন দিনের জন্য স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি উম্মে আক্তার সাথীর চাচা আসাদুল্লাহ জানান, তার ভাতিজী গত বুধবার স্কুলে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। সেই সঙ্গে তার খিচুনি শুরু হয়। শুক্রবার তার অবস্থার অবনতি ঘটে। ওই দিন থেকে প্রতি ৩০/৪০ মিনিট পরপর সাথীর খিচুনি হচ্ছে এবং সে সংজ্ঞা হারাচ্ছে। জ্ঞান ফেরার পর সবাইকে ঠিকমতো চিনতেও পারছে না। এই হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আজিজ জানান, এটা ম্যাড হিস্টিরিয়ার লক্ষণ। বেশ কয়েকবছর আগে বগুড়ার এক ছাত্রী হোস্টেলে এ ধরণের একটি ঘটনা ঘটেছিল। পরে ওই হোস্টেল বন্ধ করে দেওয়া হয়। চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে পুরোপুরি আরোগ্য হওয়া সম্ভব বলে জানান তিনি। চিকিৎসকরা এই রোগকে ম্যাড হিস্টিরিয়া বললেও সাথীর চাচা আসাদুল্লাহর ধারণা কোনও ধরনের বিষক্রিয়া থেকেই এ ঘটনা ঘটেছে। নইলে একসঙ্গে এতো শিক্ষার্থী এভাবে অসুস্থ হয়ে পড়ার কথা নয় বলে মনে করেন তিনি। মুশফিকা জাহান মৌসুমীর সঙ্গে তার মা ফরিদা ইয়াসমীন এবং আলেয়া আক্তারের সঙ্গে তার মা শরীফা বেগম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন। এদিকে নরসিংদীর জেলা প্রশাসক মো. জিল্লার রহমান জানান, স্থানীয়ভাবে চিকিৎসকদের পাশাপাশি ঢাকা থেকে আসা উচ্চ পর্যায়ের একটি মেডিকেল টিম ও সেনাবহিনীর একটি চিকিৎসক দল ঘটনাস্থলে পেঁৗঁছে রোগের কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। অসুস্থ শিক্ষক ও শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/জেকে/১৯৪৮ ঘ.