জয়পুরহাট, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ক্ষেতলাল উপজেলার কড়াইলে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ব্যাংকের চার জন কর্মচারী।
ক্ষেতলাল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মতিয়ার রহমান জানান, মধ্যরাতে ব্যাংকের ওই কার্যালয়ে হানা দেয় ডাকাত দল। তারা একটি মোটর সাইকেল, তিনটি বাই সাইকেল, একটি টেলিভিশন ও তিনটি মোবাইল সেটসহ নগদ টাকা নিয়ে যায়। ডাকাতদের বাধা দিতে গিয়ে আহত হন ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, কেন্দ্র ব্যবস্থাপক এমারত হোসেন ও রবিউল ইসলাম এবং পাহারাদার আব্দুর রাজ্জাক।
আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশরা তাদের ধাওয়া করে বলে জানান মতিয়ার রহমান। তিনি বলেন, ধাওয়ার মুখে ডাকাতরা মোটর সাইকেল ও একটি বাই সাইকেল ফেলে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩১ ঘ.
bdnews24