ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত হাইকোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর পাঠানোর জন্য তার হাতে দেন।
ফয়েজীর ঘনিষ্ট এক ব্যক্তি রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফয়জী দুপুর আড়াইটায় প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে সংবিধানের ধারা ৯৬ (৮) অনুযায়ী রাষ্ট্রপতি বরাবর লিখিত পদত্যাগপত্র দাখিল করেছেন।
পদত্যাগপত্রের বিষয়বস্তু উদ্ধৃত করে ফয়েজীর ঘনিষ্ঠ ওই ব্যক্তি বলেন, "পদত্যাগপত্রে তিনি বলেছেন, তাকে নিয়ে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল বারবার অপপ্রচার চালিয়ে এসেছে এবং সুপ্রিম কোর্টের বিচারকদের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত থেকেছে। ফলে তাকে সুপ্রিম কোর্টে একাধিক মামলা করে বিচারপ্রার্থী হতে হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের ভাবমূর্তি রক্ষার স্বার্থে বিচারকের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য তাগিদ অনুভব করেছেন বিধায় তিনি পদত্যাগ করলেন। " (আরও তথ্যসহ-৩)
তবে একটি সূত্র জানায়, ফয়জীকে পদত্যাগপত্র সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার ইকতেদার আহমদের কাছে জমা দিতে বলেন প্রধান বিচারপতি মো. রহুল আমিন। ইকতেদার আহমদ ফয়জীর পদত্যাগের খবরের সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে অস্বীকার করেন।
জানা গেছে ফয়জীর পদত্যাগপত্র রোববার রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে।
সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, বিচারপতি ফায়েজীর বিরুদ্ধে এলএলবি সনদ জালিয়াতির অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত চলছে। কাউন্সিলের তদন্তে অভিযোগ সম্পর্কে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যাতে বিচারপতি ফয়েজীর পদত্যাগ করা ছাড়া গত্যন্তর ছিল না।
গত ৩ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিচারপতি ফয়জীর এলএলবির সনদ বাতিল করে দেয়। ৪ মার্চ ফয়জীকে বিচারকাজ থেকে প্রত্যাহার করে নেন প্রধান বিচারপতি। কিন্তু ১৯ মার্চ হাইকোর্ট তার এলএলবি সনদ বাতিলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত স্থগিত করে। একইসঙ্গে আদালত বিচারপতি ফয়জীর সনদ বাতিলের ব্যাপারে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত এবং প্রকাশিত গেজেট কেন অবৈধ হবে না তার কারণ দেখাতে রুল জারি করে।
২০০৬ সালের ২২ আগস্ট সে সময়ের প্রধান বিচারপতির সুপারিশ উপেক্ষা করে ফয়জীকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। তখন দুটি জাতীয় দৈনিকে তার এলএলবি প্রিলিমিনারি পরীক্ষার টেব্যুলেশন শিটে ব্যাপক অনিয়ম রয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনার পর ২০০৪ সালের ৯ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৪১৬ তম সভায় পরীক্ষায় জালিয়াতি, নম্বরপত্র ও সনদপত্রে অনিয়ম খুঁজে বের করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এই কমিটি উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিলেও তিনি তা সিন্ডিকেটে উপস্থাপন করেননি বলে সিন্ডিকেট সদস্য হেলাল নিজামী জানান। কমিটির রিপোর্টের ৫ নং পৃষ্ঠায় ফয়জীর ব্যাপারে বলা হয়, তার প্রিলিমিনারি পরীক্ষার রোল--১৯৩৪, ফাইনাল পরীক্ষার রোল--৩৬৫২। দুই পরীক্ষারই সন--১৯৮৯। উভয় পরীক্ষাতে ফলাফল দেখানো আছে তৃতীয় শ্রেণী। মন্তব্য করা হয়েছে : উভয় টেব্যুলেশন শিটে ঘষামাজা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফয়জী ১৯৮৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি প্রিলিমিনারি ও ফাইনাল পরীক্ষায় অংশ নেন। ১৯৯৬ সালে বিশ্ববিদ্যলয়ের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ৩৫৩তম সিন্ডিকেট সভায় কাটাকাটি, নম্বর পরিবর্তন, স্বাক্ষরবিহীন টেব্যুলেশন শিট এর জন্য ১৫ জন এলএলবি পরীক্ষার্থীকে অনিয়মের দায়ে অভিযুক্ত করা হয়। ১৫ জনের মধ্যে ফয়জীও ছিলেন।
টেব্যুলেশন শিটের ১০৬ নম্বর পৃষ্ঠায় তার প্রাপ্ত নম্বর ৩৯ দেখানো হয়েছে। সেখানে কাটাকাটি ও ঘষামাজার স্পষ্ট চিহ্ন রয়েছে। লাল কালির দাগও রয়েছে। সাধারণত পরীক্ষার্থীরা যে বিষয়ে অকৃতকার্য হয় সেই বিষয়ের নম্বরের নিচে লাল কালির চিহ্ন দেওয়া হয়।
প্রসঙ্গত প্রতিটি পত্রের পাশ নম্বর ছিল ৩০।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীর দুর্নীতির আশ্রয় নিয়ে পরীক্ষার ফলাফল পাল্টে দেওয়া হয় বলে অভিযোগ উঠলে ১৯৯৬ সালের ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম তদন্ত কমিটি গঠন করে।
ওই কমিটি ১৯৮৩ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন পরীক্ষার ১০ বছরের ফলাফলের অনিয়ম শনাক্ত করে এবং এলএলবি পরীক্ষার সাত বছরের ফলাফল (১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত) যাচাই করে।
পরীক্ষা--নিরীক্ষা শেষে এই কমিটি এলএলবির ১১১ জনের ফলাফলে অনিয়ম খুঁজে পায়। তদন্ত প্রতিবেদনে, ১৯৮৯ সালে এ ধরনের জালিয়াতিতে মাত্র একজন পরীক্ষার্থী আছে বলে উল্লেখ করা হয়। কাটাকাটি, নম্বর পরিবর্তন, স্বাক্ষরবিহীন ছকে ফলের জন্য অভিযুক্ত করা হয় চট্টগ্রাম আইন কলেজের রোল নম্বর ৩৬৫২ কে। এই রোল নম্বরটিই ফয়সল মাহমুদ ফয়জীর।
তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ওই টেব্যুলেশন শিটে তার রোল নম্বর আলাদাভাবে লাল কালিতে চিহ্নিত করে ইংরেজিতে স্টপ লিখে দেয়। যার অর্থ তার মার্কশিট বা মূল সনদপত্র ইস্যু করা যাবে না।
পরীক্ষাসংক্রান্ত ব্যাপক জালিয়াতি ও দুর্নীতির কারণে সে সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জিএম এ লতিফ খানসহ কয়েকজনকে চাকুরিচ্যুতও করা হয়।
জানা যায়, পরীক্ষার ফলাফল প্রকাশের পর ফয়জী তার এলএলবি পাশের সাময়িক সনদপত্র (নম্বর ৯২৫, ইস্যু তারিখ-১০-১২-৯০) তুলে নেন। এর ওপর ভিত্তি করে তিনি পরবর্তী সময় আইন পেশায় যোগ দেন। তিনি ১৯৯১ সালের নভেম্বরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সনদপত্র লাভের আবেদন করেন। এরপর চট্টগ্রামে আইনপেশায় নিযুক্ত ছিলেন। ১৯৯৪ সালের জানুয়ারিতে তিনি হাইকোর্টে প্রাকটিস শুরুর অনুমতি পান এবং একই বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচডি/ইএইচবি/এমএইচবি/০১৩৭ ঘ.
bdnews24