রাজশাহী, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলা ভাই বাহিনীর হাতে হত্যাকাণ্ডের প্রথম শিকার মনোয়ার ওরফে বাবুর বাবা মোহসিন আলী বৃহস্পতিবার সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও উপ-মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সাংসদ নাদিম মোস্তফা, রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু ও রাজশাহীর সাবেক পুলিশ সুপার (এসপি) মাসুদ মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে আরও ৬১ জনকে।
রাজশাহীর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের হয়েছে। ম্যাজিস্ট্রেট সারোয়ার মুর্শেদ চৌধুরী অভিযোগ গ্রহণ করে বাগমারা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
নাটোরের নলডাঙ্গার মোহসিন আলী ছেলে হত্যাকাণ্ডের প্রায় ৩ বছর পর এ মামলা দায়ের করলেন।
মামলার অভিযোগ বলা হয়েছে, ২০০৪ সালের ৩১ মার্চ কিলার মুস্তাক, বিপ্লব, হেলাল ও বাবুল বাদির বাড়িতে গিয়ে উন্নতমানের চাকরি দেওয়ার কথা বলে তার ছেলে মনোয়ার হোসেন বাবুকে বের করে নিয়ে যায়। ২ এপ্রিল তিনি পত্রিকা পড়ে জানতে পারেন তার ছেলেকে বাগমারা থানার পলাশী গ্রামে জেএমবির লোকেরা জবাই করে হত্যা করেছে।
এজাহারে বলা হয়েছে, মোহসীন আলী তার ভাইদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, ১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে জেএমবি সদস্যরা তার ছেলে বাবুকে পলাশী গ্রামে আনার পর কয়েকটি বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তারটর আসামি সিদ্দিক তার ছেলের মাথার পেছনে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। আসামি মামুনুর রশিদ হাসুয়া দিয়ে বাম বাহুর সংযোগস্থলে আঘাত করে এবং আসামি হেলাল রামদা দিয়ে ঘাড়ে কোপ দেয়। তার ছেলে মাটিতে লুটিয়ে পড়লে আসামি আহসান ছেলের বুকের ওপর চেপে বসে এবং আসামি বিপ্লব ও হেলাল পা চেপে ধরে। এরপর কিলার মুস্তাক ধারালো ছোরা দিয়ে বাবুকে জবাই করে।
এরপর আসামিরা রক্ত মাখা হাসুয়া, চাইনিজ কুড়াল, রামদা, বন্দুক, পিস্তল উঁচিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ব্যারিস্টার আমিনুল হক, মিজানুর রহমান মিনু ও নাদিম মোস্তফার নামে শ্লোগান দিতে দিতে চন্দ্রপুর গ্রামের ভেতর দিয়ে হামিরকুৎসা গ্রামে বাংলাভাইয়ের ক্যাম্পে চলে যায়।
মোহসিন আলী এজাহারে আরও বলেন, ঘটনার পরপরই বাগমারা থানার সে সসময় কর্মরত এসআই আব্দুল করিম এই হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের নাম উল্লেখ না করে থানায় একটি মামলা করেন। পরবর্তীতে পুলিশ ওই মামলায় আদালতে চুড়ান্ত রিপোর্টও দাখিল করে।
মোহসিন আলী দাবি করেছেন, ওই মামলার ব্যাপারে পুলিশ তাকে কোন কিছুই জানায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচবি/২২২৬ ঘ.
bdnews24