কুমিল্লা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুরে বৃহস্পতিবার দুটি বাসের মুখোমখি সংঘর্ষে আট জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুকবুল আহাম্মদ জানান, বিকাল পৌনে ৪ টার দিকে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী ঢাকা পরিবহনের একটি বাসের সঙ্গে কুমিল্লার কোম্পানিগঞ্জ থেকে ঢাকাগামী ঝটিকা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, সংঘর্ষে ঝটিকা পরিবহনের বাসটি রাস্তায় পুরোপুরি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন পাঁচ জন। তাদের বয়স ৪৫ থেকে ৪৭ বৎসর। এদের একজনের নাম পাওয়া গেছে। তার নাম জাহাঙ্গীর আলম।
বাকি তিন জন মারা যান হাসপাতালে। এর মধ্যে কুমিল্লা সিএমএইচ-এ একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পুলিশ কনস্টেবল জামাল হোসেন (৩৫) ও অজ্ঞাতনামা (৪০) এক জন।
কুমিল্লা সিএমএইচ এ মারা যাওয়া ব্যক্তির পরনে সেনাবাহিনীর পোশাক থাকায় তাকে সেনাসদস্য হিসেবে সিএমএইচে পাঠানো হয়। তবে সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করতে পারেনি সিএমএইচ।
আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেড় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২০৫২ ঘ.
bdnews24