২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফালুর স্ত্রীকে গ্রেপ্তারে শাহজাহানপুরের বাড়িতে পুলিশের অভিযান

সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানা লিটাকে গ্রেপ্তার এবং মালামাল জব্দ করতে শাহজাহানপুরে ফালুর পৈত্রিক বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। দক্ষিণ শাহজাহানপুরের ৭৫৭ নম্বর বাড়িতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সাত তলা বাড়ির প্রতিটি তলায় ৭/৮ জন পুলিশ তল্লাশি চালায়। তবে ফালুর স্ত্রীকে ওই বাড়িতে পাওয়া যায়নি। পুলিশ মাহবুবা সুলতানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার একটি অনুলিপি ফালুর ভাই আলফাজ উদ্দিন আহমেদ নূরুর কাছে দিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 09:03 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানা লিটাকে গ্রেপ্তার এবং মালামাল জব্দ করতে শাহজাহানপুরে ফালুর পৈত্রিক বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। দক্ষিণ শাহজাহানপুরের ৭৫৭ নম্বর বাড়িতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সাত তলা বাড়ির প্রতিটি তলায় ৭/৮ জন পুলিশ তল্লাশি চালায়। তবে ফালুর স্ত্রীকে ওই বাড়িতে পাওয়া যায়নি। পুলিশ মাহবুবা সুলতানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার একটি অনুলিপি ফালুর ভাই আলফাজ উদ্দিন আহমেদ নূরুর কাছে দিয়ে যায়। আলফাজ উদ্দিন জানান, ফালুর ১৮ মাস বয়সী মেয়েটি অসুস্থ। এ কারণে আত্মসমর্পণের বিষয়ে সময় আবেদন জানানোর জন্য আইনজীবীর সঙ্গে কথা বলতে মাহবুবা সুলতানা সকালে এ বাড়ি থেকে বেরিয়ে যান। নূরু আরও জানান, সাততলা এ বাড়ির দোতলায় তার বাবা-মা থাকেন। বাকি সব তলা ভাড়া দেওয়া। এ বাড়িতে মাহবুবা সুলতানার কোনও মালামাল নেই জানিয়ে নূরু বলেন, কোনও মালামাল না পেয়েই পুলিশ ফিরে যায়। আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা মামলায় মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার সম্পত্তি জব্দ ও তাকে গ্রেপ্তার করতে বুধবার হুলিয়া জারির নির্দেশ দেয় আদালত। এর আগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ঠিকানায় তাকে না পাওয়ায় এবং তিনি আত্মসমর্পণ না করায় ওই হুলিয়া জারি করা হয়। ১ কোটি ৫৮ লাখ ৫ হাজার ৭৩৩ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড এর উপকমিশনার মো. মাসুদুর রহমান গত ৫ জুলাই মাহবুবা সুলতানার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/আরএ/এমআই/১৫০২ ঘ.