২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের চাকায় 'মৃত্যু খুঁজে নিলেন' একই পরিবারের ৯ জন

ট্রেনে কাটা পড়ে এক পরিবারের ৯ সদস্যের রহস্যময় মৃত্যু হয়েছে ময়মনসিংহে। বুধবার বিকালে পৌর শহরের কাশর এলাকায় এ ঘটনা ঘটে। অবস্থাদৃষ্টে আত্মহত্যা বলে মনে হলেও এর পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছে না পুলিশ। প্রতিবেশীদের কাছেও তারা রহস্যঘেরা বিচ্ছিন্ন একটি পরিবার হিসেবে পরিচিত। নিহতরা হলেন, হেনা (৬০) তার ছেলে আরিফ(২৫), রাহাত(২৯), ও মেয়ে মুর্শেদা (২৬), শবনম (১৮), মবি (৩০), মবির দুই সন্তান মৌ (৮) ও মওলা (৯)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

জাহাঙ্গীর করীর জুয়েল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ময়মনসিংহ, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ট্রেনে কাটা পড়ে এক পরিবারের ৯ সদস্যের রহস্যময় মৃত্যু হয়েছে ময়মনসিংহে। বুধবার বিকালে পৌর শহরের কাশর এলাকায় এ ঘটনা ঘটে। অবস্থাদৃষ্টে আত্মহত্যা বলে মনে হলেও এর পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছে না পুলিশ। প্রতিবেশীদের কাছেও তারা রহস্যঘেরা বিচ্ছিন্ন একটি পরিবার হিসেবে পরিচিত। নিহতরা হলেন, হেনা (৬০) তার ছেলে আরিফ(২৫), রাহাত(২৯), ও মেয়ে মুর্শেদা (২৬), শবনম (১৮), মবি (৩০), মবির দুই সন্তান মৌ (৮) ও মওলা (৯)। যে ট্রেনের নিচে ওই ৯ জনের মৃত্যু হয় সেই ট্রেনের সহকারী চালক এনায়েত হোসেন খান ঘটনার বর্ণনায় বলেন- "তখন বিকাল ৩টা ১০। হঠাৎ দেখি রেল লাইনের বাম পাশ থেকে বেশ কয়েকজন নারী-পুরুষ একে অন্যকে ধরাধরি করে লাইনে উঠে চলন্ত ইঞ্জিনের দিকে এগিয়ে আসছে। প্রথমে কিছুই বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন আর কিছুই করার ছিল না। গতিবেগ কমানোর চেষ্টা করেছি। কিন্তু দূরত্ব এতো অল্প; তাদের বাঁচানো সম্ভব ছিল না।" ২৫৪ ডাউন ট্রেন নামের এই ট্রেনটি জগন্নাথগঞ্জ ঘাট থেকে ময়মনসিংহে আসছিল বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ময়মনসিংহ স্টেশনের আধা কিলোমিটার আগে কাশর এলাকা অতিক্রমের সময় একদল নারী ও পুরুষ রেল লাইনের পাশের একটি বাসা থেকে বেরিয়ে এসে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। চালক গতি কমিয়ে দিলেও ওই নয়জনের দেহের খণ্ড-বিখণ্ড অংশগুলো ট্রেনের চাকার সঙ্গে ময়মনশিংহ স্টেশন পর্যন্ত চলে আসে। ঘটনার ভয়াবহতা দেখে ট্রেনের চালক আব্দুল মতিন ময়মনসিংহ স্টেশনে এসেই সংজ্ঞা হারিয়ে ফেলেন। একই পরিবারের ৯ জনের মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসক মো. শামসুল আলম ও পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দুজনেই বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক কিন্তু রহস্যজনক। প্রাথমিকভাবে কোনও কিছুই ধারণা করা যাচ্ছে না। ওই পরিবারের অন্য কোনও সদস্যকেও পাওয়া যাচ্ছে না। ঘটনার পর কাশর এলাকায় রেললাইন সংলগ্ন নিহতদের বাড়িতে ভিড় করেন আশেপাশের অসংখ্য মানুষ। ৫/৬ কক্ষবিশিষ্ট যে পাকা বাড়িতে তারা থাকতেন সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারের মতোই তা আসবাবপত্রে গোছানো। রান্নাঘরে কাটা তরিতরকারি ও ছোটো মাছ দেখে বোঝা যায় রান্নার প্রস্তুতি চলছিল। কেবল ঘরগুলোতে কেউ নেই। আর উঠোনে কবরের মতো একটি গর্ত খুঁড়ে রাখা হয়েছে। বারান্দায় রয়েছে লাশ নেওয়ার খাটিয়া। এলাকাবাসী জানান, ওই বাসার চারপাশে দুদিন আগেই বাঁশের বেড়া লাগানো হয়। পুলিশ বাড়ির ভেতর থেকে বেশ কয়েকটি ডায়রি ও হাতে লেখা কাগজ উদ্ধার করেছে। এগুলোর কিছু বাংলায় আর কিছু লেখা ছিল ইংরেজিতে। একটি ডায়েরিতে লেখা ছিল, "আমরা পৃথিবীর একমাত্র পরিবার যারা স্বাধীন ও আত্মনির্ভরশীল। আমরা মোহাম্মদের আইন ও সব ধর্মের কার্যকলাপের বাইরে। তাহলে আমরা কে? আমরা হলাম আদম। সবার ওপরে আদম সত্য।" স্থানীয় লোকজন পরিবারটিকে খ্রিস্টান ধর্মাবলম্বী বলে মনে করলেও পুলিশ ওই বাড়িতে তেমন কোনও প্রমাণ খুঁজে পায়নি। খ্রিস্টধর্ম কিংবা যীশু খ্রিস্টের ওপর কোনও বই বা লেখাও খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সম্পর্কে প্রতিবেশীদেরও খুব একটা ধারণা ছিল না। এমনকি তাদের কোনও আত্মীয়-স্বজন কিংবা বন্ধু বান্ধবেরও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের পেশা ও শিক্ষা সম্পর্কেও কোনো ধারণা পাওয়া যায়নি। এলাকার ২ নম্বর ওয়ার্ডের পৌর কমিশনার মোজাম্মেল হক ইউসুফ বলেন, "এ পরিবারটির সঙ্গে এলাকার কারোরই সম্পর্ক ছিল না। অন্য কেউ এ বাসায় আসতেন না, এ বাসার লোকজনও অন্য বাসায় যেত না।" প্রতিবেশীদের সঙ্গেও তাদের খারাপ বা রেশারেশির কোনও সম্পর্কও ছিল না বলে জানান তিনি। ফারুক হাসান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ওই পরিবারের কর্তা আনোয়ার দরবেশ অনেক দিন আগে মারা যান। তিনিও ছিলেন একজন রহস্যময় মানুষ। ফারুক বলেন, এ পরিবারটি সবকিছু থেকেই বিছিন্ন ছিল। তারা কোথাও যেত না, তাদের বাসায়ও কেউ যেত না। পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, পরিবারটি ধর্মীয়ভাবে সম্পূর্ণ ব্যতিক্রমী এক ধারণা লালন করতো বলেই প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া যাচ্ছে। এ ঘটনায় রেল পুলিশ একটি মামলা করবে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমআই/২১৩১ ঘ.