ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দাখিল করা সম্পত্তির হিসাবে গরমিলের অভিযোগ এনে বুধবার সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের সহকারী পরিচালক তালেবুর রহমান ধানমণ্ডি থানায় এ মামলা দায়ের করেন।
ধানমণ্ডি থানার উপপরিদর্শক নুরুন নাহার মনি এজাহারের উদ্ধৃতি দিয়ে জানান, ব্যারিস্টার নাজমুল হুদা এবং তার পরিবারের নামে মোট ৮ কোটি ২ লাখ ৮৮ হাজার ৪শ ৯০ টাকার সম্পত্তির হিসাব দুদকে জমা দেওয়া হয়। ওই হিসাব তাদের বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। হিসাবে ২ কোটি ১৯ লাখ ১৫ হাজার ৭শ' ৭৩ টাকার সম্পত্তি অর্জনের ঘোষণার ক্ষেত্রে মিথ্যা সূত্রের উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ হয়, মন্ত্রী থাকা অবস্থায় ব্যারিস্টার হুদা তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান এবং ল ফার্মের সিনিয়র পার্টনার হিসেবে অবৈধভাবে বিভিন্ন দূতাবাস, ইউনিলিভার কোম্পানি ও ব্রিটিশ আমেরিকান টোবাকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছেন।
এর আগে ঘুষ গ্রহণের অভিযোগে হুদা দম্পতির বিরুদ্ধে গত ১১ মার্চ কমিশনের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বাদি হয়ে ধানমণ্ডি থানায় একটি দায়ের করেন। এরপর গত ৫ জুলাই মামলার অভিযোগ গঠন করা হয়। মামলার বিচার কাজ চলছে।
গত ৩ ফেব্র"য়ারি ব্যারিস্টার নাজমুল হুদাকে গ্রেফতার করে যৌথবাহিনী। তিনি এখন কারাগারে রয়েছেন। তার স্ত্রী সিগমা হুদাকে অসুস্থ অবস্থায় ৫ জুলাই গ্রেফতার করা হয়। তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বন্দিপ্রকোষ্ঠে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জিএমএ/এমএইচবি/১৯৪২ ঘ.
bdnews24