২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব জনসংখ্যা দিবস বুধবার

২০১০ সালের মধ্যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বুধবার পালিত হবে বিশ্ব জনসংখ্যা দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 03:40 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালের মধ্যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বুধবার পালিত হবে বিশ্ব জনসংখ্যা দিবস। দেশে এখন জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক ৪৩। জন্মহার এমন থাকলে ২০২০ সাল নাগাদ দেশের জনসংখ্যা ১৭ কোটি ২০ লাখে পৌঁছাবে। স্বাস্থ্য উপদেষ্টা ডা. এ এস এম মতিউর রহমান মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। স্বাস্থ্য সচিব এ কে এম জাফর উল্লাহ খান, পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক আবদুল মান্নান ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আবাসিক প্রতিনিধি আর্থার আরকেন এ সময় উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার কমানোয় বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য হলেও মা ও শিশু মৃত্যুর হার এখনো উদ্বেগজনক। দেশে প্রতিবছর ১০ শতাংশ নবজাতক ১৫ থেকে ১৯ বছর বয়সী মায়েদের গর্ভে জন্ম নেয়। এসব মায়ের মৃত্যুঝুঁকি ২০ বছর বয়সের ঊর্ধ্বের মায়েদের চেয়ে দুই থেকে চারগুণ পর্যন্ত বেশি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে প্রতি বছর এক দশমিক সাত শতাংশ হারে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার বাড়ছে। ফলে ১৯৭১ যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল তিন শতাংশ, ২০০৪ সালে তা কমে এক দশমিক ৪৩ শতাংশে নেমেছে। এরপরও ১১ দশমিক তিন শতাংশ মানুষের কাছে এখনো পরিবার পরিকল্পনা পদ্ধতি পৌঁছানো যায়নি বলে জানান উপদেষ্টা। এই জনগোষ্ঠী মূলত শহর এলাকায় ভাসমান অবস্থায় রয়েছে। ডা. এ এস এম মতিউর রহমান বলেন, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রমের বর্তমান লক্ষ্য হচ্ছে ২০১০ সালের মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর সংখ্যা ৭২ শতাংশে উন্নীত করা, নারীদের প্রজনন হার তিন থেকে দুই দশমিক দুই-এ নামানো, পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার ৮৮ থেকে ৫২-তে নামানো এবং মাতৃ মৃত্যুর হার তিন দশমিক দুই থেকে দুই দশমিক চার-এ নিয়ে আসা। তিনি জানান, ২০০৭ সালের এপ্রিল মাসে সেবা সপ্তাহের সাফল্যের জন্য ছয়টি বিভাগের ছয়জন পরিবার পরিকল্পনা কর্মীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/২১১১ ঘ.