২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকদের আরও দায়িত্বশীল হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসকদের কাজের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপদেষ্টা এ এস এম মতিউর রহমান। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। যথাযথ সেবা পাওয়ার জন্য চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা জানান, সরকার ইতিমধ্যেই এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 11:08 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চিকিৎসকদের কাজের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপদেষ্টা এ এস এম মতিউর রহমান। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। যথাযথ সেবা পাওয়ার জন্য চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা জানান, সরকার ইতিমধ্যেই এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, "আমাদের যন্ত্রপাতির অভাব নেই। কিন্তু এগুলোর সঠিক ব্যবহার হয় না। আমরা এ সব যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছি। শুধু বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালেই ১২০ কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। আমরা তা সচল করেছি। অন্য মেডিকেল কলেজগুলোতে পড়ে থাকা সরঞ্জামও মেরামত করে চালু করা হচ্ছে।" ডা. মিলন মিলনায়তনে আয়োজিত ওই সভায় ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী মতিউর রহমান তার কলেজ জীবনের বিভিন্ন স্মৃতি উল্লেখ করে বলেন, "আমি এখানে এসেছি একজন উপদেষ্টা হিসেবে নয়, এ কলেজেরই একজন প্রাক্তন ছাত্র হিসেবে। আমি একসময় এখানকার ছাত্র ছিলাম আবার এখানেই অধ্যাপনা করেছি। ঠিক এ মঞ্চে দাঁড়িয়ে আমি এর আগেও অনেকবার কথা বলেছি।" "আমি সবকিছুই শিখেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। কথা বলা থেকে শুরু করে বক্তব্য দেওয়া পর্যন্ত", বলেন মতিউর রহমান। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, "সব কর্মকাণ্ডে ডিএমসির শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি সব ক্ষেত্রে আপনাদের শীর্ষে দেখতে চাই।" অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এম এ ফয়েজ, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুস শহীদ খান, ডিএমসি অ্যালামনাই ট্রাস্টের সভাপতি অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব আলম। এদিকে 'ডিএমসি ডে' পালন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই ট্রাস্ট দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে রয়েছে প্রীতি সম্মিলন, ফিল্ম শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এদেরই তিন জন ১৪ (১৯৫৯) ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক মো. আমীর হোসেন, অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুস সবুর মণ্ডল এবং আব্দুস শাকুর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তিন জনই বর্তমানে ঢাকায় থাকেন। মোবাইলে কথা হলেও পরস্পরের মধ্যে দেখা হয় খুবই কম। দীর্ঘদিন পরে তিন বন্ধু একসঙ্গে হয়ে খুব ভালো লাগছে। কে-৪৮ ব্যাচের (১৯৯১) শিক্ষার্থী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের গবেষক ডা. দীলিপ কুমার সরকার এবং একই ব্যাচের শিক্ষার্থী বর্তমানে ইনসেপ্টা ফার্মাসিটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ ডা. হিল্লোল চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের ব্যাচের অধিকাংশই ঢাকাতেই থাকি। কিন্তু নিজেদের মধ্যে প্রায় ৫/৬ বছর পর দেখা হলো। পুরানো বন্ধুরা সব একসঙ্গে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআই/১৭০৫ ঘ.