২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ জুলাই ঢাকা থেকে কলকাতা যাবে পরীক্ষামূলক ট্রেন

আগামী ২৯ জুলাই বাংলাদেশে থেকে পরীক্ষামূলক একটি ট্রেন কলকাতা যাবে। বাংলাদেশ--ভারত সরাসরি রেল যোগাযোগ নিয়ে আলোচনার শেষদিন মঙ্গলবার দুদেশের কর্মকর্তারা এই সিদ্ধান্ত ছাড়াও ঢাকা-কলকাতা রুটে প্রতি সপ্তাহে মোট চারটি ট্রেন চালু করার ব্যাপারে একমত হয়েছেন। দু'দিনের আলোচনা শেষে কর্মকর্তারা এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, নিরাপত্তা সহ অন্যান্য অমীমাংসিত বিষয়গুলো নিস্পন্ন করতে আগামী ২৯ জুলাই বাংলাদেশ থেকে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন কলকাতা যাবে এবং কর্মকর্তারা ভারতীয় পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 11:00 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আগামী ২৯ জুলাই বাংলাদেশে থেকে পরীক্ষামূলক একটি ট্রেন কলকাতা যাবে। বাংলাদেশ--ভারত সরাসরি রেল যোগাযোগ নিয়ে আলোচনার শেষদিন মঙ্গলবার দুদেশের কর্মকর্তারা এই সিদ্ধান্ত ছাড়াও ঢাকা-কলকাতা রুটে প্রতি সপ্তাহে মোট চারটি ট্রেন চালু করার ব্যাপারে একমত হয়েছেন। দু'দিনের আলোচনা শেষে কর্মকর্তারা এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, নিরাপত্তা সহ অন্যান্য অমীমাংসিত বিষয়গুলো নিস্পন্ন করতে আগামী ২৯ জুলাই বাংলাদেশ থেকে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন কলকাতা যাবে এবং কর্মকর্তারা ভারতীয় পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। নিরাপত্তার বিষয় নিশ্চিত করা গেলে সেপ্টেম্বরের আগেই ঢাকা-কলকাতার মধ্যে সরাসরি যাত্রীবাহী ট্রেন চালু হবে। আলোচনায় অংশ নেওয়া বাংলাদেশ পক্ষের প্রধান যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি কে এম ইসমাইল সাংবাদিকদের বলেন, "সপ্তাহের শনিবার অথবা রোববার ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে একটি ট্রেন কোলকাতা যাবে এবং পরের দিন সেটি ঢাকায় ফিরে আসবে। একইভাবে কলকাতা থেকে একটি ট্রেন ঢাকা এসে আবার কলকাতা ফিরে যাবে। অর্থাৎ মোট চারটি ট্রেন সপ্তাহে চলাচল করবে।" ভারতীয় প্রতিনিধিদলের প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ ই আহমেদ সাংবাদিকদের বলেন, "দু'দেশের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা গেলে আগামী চার সপ্তাহের মধ্যে (২৯ জুলাই এর পর থেকে) আমরা ট্রেন চালাতে পারবো।" চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকান্ড ঠেকাতে ধাতব খাঁচার ব্যাপারে জোর দিয়ে তিনি বলেন, "বাংলাদেশ ও ভারত দুই অংশেই অবৈধ চলাচল, কালোবাজারী ও দুর্বৃত্তায়ন ঠেকানোর জন্য আমরা যমুনা ব্রীজের মত খাঁচা করতে চাই। তবে তিনি জানান, এটি কাঁটাতারের খাঁচা নয়।" এ টি কে এম ইসমাইল সাংবাদিকদের জানান, যে সমস্ত ঘটনা বিশ্বে ঘটছে তার প্ররিপ্রেক্ষিতে দুই দেশের যাত্রীদের জীবন ও সম্পত্তি এবং দু'দেশের স্থাপনা, বিশেষ করে যমুনা সেতুর নিরাপত্তা নিশ্চিত করাই মূল বিষয়। তিনি বলেন, "আগামী ডিসেম্বরের মধ্যে দু'দেশের অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি পেলে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাবে।" তিনি জানান, সেপ্টেম্বরের আগেই ট্রেন পরিচালনা সম্ভব হবে যদি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যায়। ২৯ জুলাই পরীক্ষামূলক ট্রেন পরিচালানার পর ট্রেন পরিচালনার চুড়ান্ত প্রস্তুতির জন্য তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। ভারতীয় প্রতিনিধিদলের একাংশ বুধবার পাকশীতে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন এবং উচ্চ-পদস্থ কর্মকর্তারা বিমানযোগে দিল্লি রওনা হবেন বুধবার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/জিএনএ/১৬৩০ ঘ.