চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অপহরণের পর উদ্ধার হওয়া ডানিডা কর্মকর্তা হোসেন শহীদ সুমন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
যৌথবাহিনীর কন্ট্রোল রুম সূত্র জানায়, সুমনের অবস্থা এখন উন্নতির দিকে। তিনি হাঁটাচলা করতে পারছেন এবং স্বাভাবিক খাবার খাচ্ছেন।
হোসেন শহীদ সুমনের সঙ্গে পরিবারের সদস্যরা সোমবার দুপুরের পর দেখা করেছেন বলেও সূত্রটি জানায়। তাকে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে।
বান্দরবানের দুর্গম পাহাড় থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রোববার সকালে ডানিডা কর্মকর্তা সুমনকে উদ্ধার করে। এরপর বিকেলে তাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এসএনডি/২২২৯ ঘ.
bdnews24