২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদা দম্পতির দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে সোমবার। বিশেষ জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে এদিন সাক্ষ্য দেন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 01:02 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে সোমবার। বিশেষ জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে এদিন সাক্ষ্য দেন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শফিকুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবী হাজী মো. নজরুল ইসলাম বাদীকে জেরা করেন। আদালত আগামী ১৯ জুলাই পর্যন্ত এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে সিগমা হুদাকে এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নাজমুল হুদাকে বিশেষ জজ আদালতে আনা হয়। ঘুষ গ্রহণের অভিযোগে হুদা দম্পতির বিরুদ্ধে গত ১১ মার্চ কমিশনের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করেন। এরপর গত ৫ জুলাই মামলার অভিযোগ গঠন করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের বড় ভাই ও ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা। ঘুষের টাকা সাপ্তাহিক খবরের অন্তরালে নামের পত্রিকার একাউন্টে জমা দেওয়া হয়। যার প্রকাশক সিগমা হুদা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/১৮৫৫ ঘ.