২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের সাবেক সাংসদ আলমগীর ফরিদের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা

পেট্রোল ঢেলে সোনাদিয়া দ্বীপের ম্যানগ্রোভ বন উজাড়ের অভিযোগে কক্সবাজারের দ্বীপাঞ্চল মহেশখালী-কুতুবদিয়া আসনে বিএনপির সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ ১৭ জনের বিরুদ্ধে ১০২ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে বনবিভাগ। ১ মাস ১২ দিন আগে এজাহার দায়ের করা হলেও রোববার মহেশখালী থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 12:37 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

কক্সবাজার, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পেট্রোল ঢেলে সোনাদিয়া দ্বীপের ম্যানগ্রোভ বন উজাড়ের অভিযোগে কক্সবাজারের দ্বীপাঞ্চল মহেশখালী-কুতুবদিয়া আসনে বিএনপির সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ ১৭ জনের বিরুদ্ধে ১০২ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে বনবিভাগ। ১ মাস ১২ দিন আগে এজাহার দায়ের করা হলেও রোববার মহেশখালী থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে। উপকুলীয় বনবিভাগের সোনাদিয়া দ্বীপের কর্মকর্তা আওরঙ্গ আলম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেছেন। তদন্তকারী কর্মকর্তা মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালনকারী উপ পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা পাওয়ার পরই এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০২ সালের শুরুতে মহেশখালী-কুতুবদিয়ার তৎকালীন সাংসদ ও জেলা বিএনপির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নেতৃত্বে মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিদস্যুরা প্রকাশ্যে শত শত শ্রমিক নিয়োগ করে সোনাদিয়া দ্বীপের দেড় হাজার একরের বেশি ম্যানগ্রোভ বন পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। পরে সেখানে গড়ে তোলা হয় ২১টি বিশাল আয়তনের চিংড়ি প্রকল্প। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে উপকূলীয় বনবিভাগ ২৭ মে মহেশখালী থানায় একটি এজাহার দায়ের করে। এতে সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে প্রধান আসামি করা হয়। এছাড়া আরও ১৬ জন দখলদারকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১০১ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৯০০ টাকা ক্ষতিপূরণ দাবি করে বনবিভাগ। মামলার অন্য আসামিরা হচ্ছেন আবদুল গফুর প্রকাশ নাগু মেম্বার, নূরুল আলম, মাস্টার আমিন শরীফ, মাহমুদ উল্লাহ, ফোরকান আহমদ বহদ্দার, জালাল আহমদ, সাংসদের ভাতিজা হাবিব উল্লাহ, এডভোকেট সিরাজুল হক রানা, মোস্তাফা কামাল চৌধুরী, এখলাস মিয়া, একরাম মিয়া, আমজাদ হোসেন, সিরাজ মিয়া, আবদুশ শুক্কুর, নুরুল আমিন, ও হাজী মো. ছৈয়দ,। এদের মধ্যে সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ঢাকায় র‌্যাবের হাতে ও এডভোকেট সিরাজুল হক রানা মহেশখালীতে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৩২ ঘ.