চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত সোমবার চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) কারখানার সিবিএ সভাপতি সুলতানুল আজিমকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।
একই আদালত চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে বাধা সৃষ্টির দায়ে পাঁচ ডক শ্রমিককেও দুই বছর কারাদণ্ড দিয়েছেন।
চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে সিবিএ সভাপতিকে দুই বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন বিচারক।
সরকার পক্ষে মামলা পরিচালনাকারী পুলিশ পরিদর্শক শেখ সালাহউদ্দিন জানান, কর্ণফুলী থানা এলাকার জনৈক অরুণ শেখর দেবনাথকে চাকরি দেওয়ার নাম করে সুলতানুল আজিম এক লাখ ২০ হাজার টাকা ঘুষ নেন। চাকরি না দিয়ে এই টাকা আত্মসাৎ করায় অরুণ শেখর বাদী হয়ে কর্ণফুলী থানায় গত ৪ এপ্রিল মামলা করেন।
র্যাব-৭ সদস্যরা গত ১৮ মার্চ সিইউএফএল এলাকা থেকে সুলতানুল আজিমকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, একই আদালত বন্দর কার্যক্রমে বাধা দেওয়া এবং জরুরি অবস্থার মধ্যেও শ্রমিক আন্দোলন গড়ে তোলার চেষ্টার অভিযোগে ডক শ্রমিক বজল মিয়া, আব্দুর রব, শাহাদত হোসেন, আব্দুল মতিন ও মিজানুর রহমানকে দুই বছর কারাদণ্ড ও ছয় হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন।
যৌথবাহিনী এই পাচ শ্রমিককে গত ১০ মে বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসএনডি/১৭২০ ঘ.
bdnews24