বান্দরবান, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডেনমার্কের উন্নয়ন সংস্থা ডানিডা'র কর্মকর্তা হোসেন শহীদ সুমনকে অপহরণকারীদের আস্তানা থেকে উদ্ধারের পর সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে বান্দরবানের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।
অপহরণের ১৪ দিন পর রোববার সকাল সোয়া ১০টার দিকে ছোট মদকের লোসনঝিরি এলাকা থেকে সুমনকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধার অভিযানে নিরাপত্তা বাহিনীর অন্তত আটশ সদস্য অংশ নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ডানিডা'র প্রকল্প কর্মকর্তাকে উদ্ধার করা হলেও অপহরণকারীদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে।
গত ২৫ জুন খিবুরিপাড়া এলাকা থেকে এক দল সশস্ত্র সন্ত্রাসী ডানিডা কর্মকর্তা হোসেন শহীদ সুমন ও গাড়িচালক মো. হানিফকে অপহরণ করে নৌকায় অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এরপর ২৮ জুন থানচির ইয়াংরাই এলাকা থেকে হানিফকে উদ্ধার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৭১২ ঘ.
bdnews24