পঞ্চগড়, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় পঞ্চগড়ে তৈমুল হক (২৬) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার পঞ্চগড় জেলা ও দায়রা জজ মো. আফজাল হোসেন এই রায় দেন।
তৈমূল হকের বাড়ি তেঁতুলিয়া উপজেলার আলেয়াবাড়ি গ্রামে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তৈমুলের ভাই তৈবর, সামসুল ও বাবা মফিজউদ্দিন ওরফে ভুট্টোকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, তৈমুলের সঙ্গে একই উপজেলার সিপাইপাড়া গ্রামের আলাউর রহমানের মেয়ে আলেয়া খাতুনের বিয়ে হয়। আট হাজার টাকা যৌতুকের জন্য বিয়ের পর থেকেই তৈমুল তাকে মারধর করত। একই কারণে বিয়ের মাত্র সাত মাস পর ২০০৪ সালের ৩১ জুলাই বিকেলে আলেয়াকে বেধড়ক পেটানোর সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলেয়ার মা সামিনা পরদিন চারজনকে আসামি করে তেঁতুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে এই রায় দেন। তৈমূল এখন পঞ্চগড় জেলা কারাগারে আটক আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৬২২ ঘ.
bdnews24