২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুক যুদ্ধে' এক সন্ত্রাসী নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে রোববার গভীর রাতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধে শামীম (৩০) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 04:42 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

কুষ্টিয়া, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-কুষ্টিয়ার দৌলতপুরে রোববার গভীর রাতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধে শামীম (৩০) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত শামীম দৌলতপুর থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। সে ৩৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তার বাড়ি দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ জানান, রোববার দুপুরে পুলিশ ঢাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যার দিকে দৌলতপুর নিয়ে আসে। তিনি দাবি করেন, রাত দুইটার দিকে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য শামীমকে সঙ্গে নিয়ে দৌলতপুরের সোনাইকুণ্ডি গ্রামে গেলে সেখানে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে শামীম নিহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি বন্দুক ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১০৩০ ঘ.