ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - উপদেষ্টা এমএ মতিন বলেছেন, সরকার কোনও রাজনৈতিক দল ভাঙ্গা গড়ার সঙ্গে জড়িত নয়। রাজনীতিবিদরাই এসব করছেন।
রোববার তিনি সাংবাদিকদের বলেন,"আমাদের লক্ষ্য ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে সবার জন্য গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থ্ করা। সরকার এ বিষয়েই অবিচল।"
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বালুমহল ইজারা ও বালু উত্তোলন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যোগাযোগ ও নৌ পরিবহন উপদেষ্টা এম এ মতিন একথা বলেন।
রাজনৈতিক দলগুলোর যে ভঙ্গুর অবস্থা তাতে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মতিন বলেন, "সরকার কোন দল গঠন করবে না। সুন্দর দল গঠনের জন্য রাজনীতিবিদদেরই কাজ করতে হবে।"
দলগুলোতে ভাঙ্গাগড়ার কারণে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে কিনা জানতে চাইলে মতিন বলেন, "ভাঙ্গাগড়ার মধ্যে দিয়ে অনেক ভাল জিনিসের সৃষ্টি হয়। বাংলাদেশ গঠিত হয়েছে পাকিস্তান ভাঙ্গার মাধ্যমে। আর ব্রিটিশ রাজের পতনের পর ভারত ভেঙ্গে পাকিস্তানের জন্ম হয়েছে। ভাঙ্গা গড়ার মধ্য দিয়েই অর্থবহ ভাল জিনিস হতে পারে বলে আমি মনে করে।"
শেখ হাসিনার বাড়িতে কাউকে প্রবেশ করতে না দেওয়ায় হাসিনাকে অন্তরীন করে রাখা হয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে সে ব্যাপারে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষযে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বলতে পারবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১৪৫০ ঘ.
bdnews24