ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জোট সরকারের সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের শুল্কমুক্ত কোটায় আমদানি করা বিলাসবহুল টয়োটা লেক্সাস গাড়ি শনিবার বিকেলে গুলশান থেকে উদ্ধার করেছে যৌথবাহিনী।
পটল গাড়িটি ওরিয়ন গ্র"পের কর্ণধার ওবায়দুল করিমের কাছে বিক্রি করেছিলেন। শনিবার বিকেলে যৌথবাহিনী গাড়িসহ ওবায়দুল করিমের মেয়ে ও তার স্বামী মেহেদীকে আটক করে।
রাত পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুলশান থানায় এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা সালাউদ্দীন জানান, একটি গাড়ি যৌথবাহিনী আটক করেছে বলে তারা শুনেছেন। তবে এখনও কাগজে-কলমে পুলিশ কিছু জানে না। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২৯ মে বনানীর বাসা থেকে পটলকে গ্রেফতার করে যৌথবাহিনী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এসএনডি/২১৫৬ ঘ.
bdnews24