ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশে রাজনৈতিক সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জানানো হয়েছে 'স্বাধীনতা ও নাগরিক অধিকার ফোরাম' আয়োজিত গোলটেবিল বৈঠকে। এতে বক্তারা বর্তমান সংস্কার প্রক্রিয়ার সমালোচনা করে বলেছেন, যারা এখন সংস্কারের কথা জোর গলায় বলছেন তারাই এক সময়ে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। গণতন্ত্রকে পরিশুদ্ধ করতে হলে রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে। পরিবর্তন করতে হবে বর্তমান ব্যবস্থার।
শনিবার জাতীয় প্রেসক্লাবে 'নৈতিকতা ও মানুষের নিরাপত্তা' শীর্ষক এই গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বিচারপতি কে এম সোবহান। মূল বক্তব্য পাঠ করেন ফারুক আহমেদ।
বিচারপতি কে এম সোবহান বলেন, "যেভাবে সংস্কারের কথা বলা হচ্ছে সেভাবে হবে না। আমূল সংস্কার করতে হবে। শুধু ঘরোয়া রাজনীতি নয়, সব রাজনীতি উন্মুক্ত করতে হবে এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।"
ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, "আমলাদের দিয়ে সরকার চলতে পারে না। তারা কখনো জনগণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দিতে হবে। এজন্য দিতে হবে দ্রুত নির্বাচন।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মেসবাহ কামালও দ্রুত নির্বাচন দাবি করে বলেন, "এই সরকার ২০০৮ সালের মধ্যে নির্বাচন করতে না পারলে পরে তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে।"
সাবেক সাংসদ মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, "বর্তমান সরকার সংস্কারের নামে চরিত্রহীনদের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। আমি এই পুনর্বাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছি। এজন্য আমি আমার মেজর নামটি বাদ দিতে চাই।"
তিনি বলেন, "যারা সংস্কারের কথা বলছে তারাও তো দুর্নীতিগ্রস্থ। তারা সবাই গত তিন/চারটি সরকারের অংশীদার ছিলেন। তাদের কেউ ছিলের বাণিজ্যমন্ত্রী, কেউ পানি সম্পদমন্ত্রী, কেউ খাদ্যমন্ত্রী আবার কেউ স্থানীয় সরকারের মন্ত্রী।"
গোলটেবিলে আরও বক্তব্য রাখেন বিচারপতি রিয়াজুল ইসলাম, এলডিপির মহাসচিব আবদুল মান্নান, বিটিআরসির সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব মার্গুব মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক ছাত্র নেতা ইসমত কাদীর গামা ও মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/২১১০ ঘ.
bdnews24